মুস্তাফা জামান আব্বাসী আর নেই

বরেণ্য সংগীতশিল্পী, গবেষক ও লেখক মুস্তাফা জামান আব্বাসী আর নেই। 

শনিবার (১০ মে) ভোর সাড়ে ৫টায় রাজধানীর বনানীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৭ বছর। পরিবার সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন আব্বাসী। শুক্রবার শ্বাসকষ্টের কারণে হাসপাতালে ভর্তি করা হয় তাকে। মৃত্যুকালে তিনি রেখে গেছেন দুই কন্যাসহ অসংখ্য ভক্ত-অনুরাগী।

উপমহাদেশের প্রখ্যাত সংগীত পরিবারে জন্মগ্রহণ করা আব্বাসীর পিতা ছিলেন পল্লিগীতির অগ্রদূত আব্বাসউদ্দীন আহমেদ। চাচা আবদুল করিম, বোন ফেরদৌসী রহমান এবং ভাতিজি নাশিদ কামালসহ পরিবারের অনেকেই সংগীতে খ্যাতিমান। তার স্ত্রী আসমা আব্বাসী ছিলেন লেখিকা ও শিক্ষক, যিনি গত বছর প্রয়াত হন।

১৯৩৬ সালের ৮ ডিসেম্বর ভারতের কোচবিহারের বলরামপুর গ্রামে জন্ম নেওয়া আব্বাসী শৈশব কাটিয়েছেন কলকাতায়। পরে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিএ ও এমএ ডিগ্রির পর মার্কেটিংয়ে উচ্চশিক্ষা নেন হার্ভার্ড গ্রুপ থেকে।

দীর্ঘ কর্মজীবনে তিনি ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক, ফোক মিউজিক রিসার্চ গ্রুপের ৫০ বছরের অধিক সময়ের পরিচালক এবং ইউনেস্কো বাংলাদেশের মিউজিক কমিটির সভাপতি। নজরুল ও আব্বাসউদ্দীনের ইংরেজি জীবনী লেখার দায়িত্বও পালন করেন তিনি।

বাংলা সংস্কৃতিতে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে তিনি পেয়েছেন একুশে পদকসহ বহু সম্মাননা।

All Categories