মুরাদনগরে ধর্ষণ: ‘মব’ উসকে দেওয়ার পরিকল্পনাকারী গ্রেপ্তার
কুমিল্লার মুরাদনগরে ধর্ষণের শিকার এক নারীকে পিটিয়ে তার ভিডিও সামাজিকমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ঘটনায় শাহ পরান (২৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব। শাহ পরান ধর্ষণ মামলার মূল আসামি ফজর আলীর ছোট ভাই।
র্যাব জানায়, ফজর আলী ও শাহ পরান দুজনেই ওই নারীকে দীর্ঘদিন ধরে উত্যক্ত করছিলেন। পারিবারিক বিরোধের জের ধরে শাহ পরান প্রতিশোধ নিতেই এই ঘটনার ফাঁদ পাতে।
২৬ জুন ফজর আলী ওই নারীর ঘরে ঢুকলে শাহ পরান কয়েকজনকে ডেকে এনে তাদের দুজনকে মারধর করে এবং সেই দৃশ্য ভিডিও করে সামাজিকমাধ্যমে ছড়িয়ে দেয়।
ভুক্তভোগী নারী নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে দুটি মামলা করেছেন। পুলিশ এরই মধ্যে ফজর আলীসহ আরও তিনজনকে গ্রেপ্তার করেছে।