মুকুল দেবের আকস্মিক মৃত্যুতে বলিউডে শোকের ছায়া
বলিউডে ফের দুঃসংবাদ। জনপ্রিয় অভিনেতা মুকুল দেব আর নেই। মাত্র ৫৪ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন এই অভিনেতা। শনিবার (২৪ মে) ভারতীয় গণমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
মুকুল দেবের মৃত্যুর কারণ আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। পরিবার থেকেও এ বিষয়ে কোনো বিবৃতি আসেনি। তবে জানা গেছে, তিনি বেশ কিছুদিন ধরে অসুস্থতায় ভুগছিলেন।
অভিনেত্রী ও মুকুল দেবের ঘনিষ্ঠ বন্ধু দীপশিখা নাগপাল ইনস্টাগ্রাম স্টোরিতে তার সঙ্গে একটি পুরোনো ছবি শেয়ার করে মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন। ক্যাপশনে তিনি লেখেন, ‘বিশ্বাসই করতে পারছি না। শান্তিতে বিশ্রাম নাও।
মুকুল দেব সর্বশেষ দেখা গিয়েছিলেন হিন্দি সিনেমা ‘আন্থ: দ্য ইন্ড’-এ। তিনি ছিলেন বলিউড অভিনেতা রাহুল দেবের ছোট ভাই।
১৯৭০ সালের ১৭ সেপ্টেম্বর পাঞ্জাবি পরিবারে জন্ম নেওয়া মুকুল দেব অভিনয়ের পাশাপাশি ছিলেন একজন প্রশিক্ষিত পাইলট। ইন্দিরা গান্ধী রাষ্ট্রীয় উড়ান একাডেমি থেকে তিনি পাইলট হিসেবে প্রশিক্ষণ নেন।
মুকুল দেবের অভিনয়জীবন শুরু হয় ১৯৯৬ সালে টেলিভিশন ধারাবাহিক ‘মুমকিন’-এ ‘বিজয় পান্ডে’ চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে। এরপর তিনি দূরদর্শনের জনপ্রিয় শো ‘এক সে বাদ কর এক’-এ অভিনয় করেন এবং ফেয়ার ফাংশন ইন্ডিয়া’র প্রথম সিজন উপস্থাপনাও করেন।
চলচ্চিত্রে অভিষেক হয় ‘দাস্তাক’ সিনেমার মাধ্যমে, যেখানে তিনি অভিনয় করেন এসিপি রোহিত মালহোত্রার চরিত্রে। এরপর বলিউড, দক্ষিণ ভারতীয় সিনেমা ও টেলিভিশনে একাধিক জনপ্রিয় চরিত্রে অভিনয় করে দর্শকের হৃদয়ে জায়গা করে নেন তিনি।
হিন্দির পাশাপাশি মুকুল দেব অভিনয় করেছেন পাঞ্জাবি, তেলুগু, তামিল, কন্নড়, বাংলা ও মালয়ালম ভাষার ছবিতেও। বাংলা চলচ্চিত্র ‘আওয়ারা’, ‘বচ্চন’, ‘সুলতান: দ্য স্যাভিয়ার’ ছবিতে জিৎ-এর সঙ্গে তার অভিনয় এখনো দর্শকের মনে গেঁথে আছে।
তাঁর অকালপ্রয়াণে বলিউডে শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মী, বন্ধু ও ভক্তদের অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে স্মরণ করছেন।