‘মুক্তিযোদ্ধা’ খেতাব হারালেন বঙ্গবন্ধুসহ মুজিবনগর সরকারের রাজনীতিবিদরা
বীর মুক্তিযোদ্ধার সংজ্ঞায় পরিবর্তন এনে নতুন অধ্যাদেশ জারি করেছে অন্তর্বর্তীকালীন সরকার।
মঙ্গলবার (৩ জুন) রাতে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় থেকে এ–সংক্রান্ত অধ্যাদেশ প্রকাশ করা হয়েছে। এরমধ্য দিয়ে খেতাব হারালেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ মুজিবনগর সরকারের রাজনীতিবিদরা।
সংশোধিত অধ্যাদেশ অনুযায়ী, মুক্তিযুদ্ধকালীন প্রবাসী বাংলাদেশ সরকারের (মুজিবনগর সরকার) সঙ্গে সম্পৃক্ত সব এমএনএ (জাতীয় পরিষদের সদস্য) ও এমপিএ (প্রাদেশিক পরিষদের সদস্য), যাঁরা গণপরিষদের সদস্য হিসেবে গণ্য হতেন, তারা এখন থেকে ‘মুক্তিযুদ্ধের সহযোগী’ হিসেবে বিবেচিত হবেন। এত দিন তারা ‘বীর মুক্তিযোদ্ধা’ হিসেবে স্বীকৃত ছিলেন।
আইন মন্ত্রণালয় সূত্রে জানা যায়, এই পরিবর্তনের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনার সঠিক ইতিহাস রক্ষার পাশাপাশি ‘বীর মুক্তিযোদ্ধা’ পদবির মর্যাদা পুনর্স্থাপনের প্রয়াস নিয়েছে সরকার।
সরকারের দাবি, নতুন আইন ও বিধি অনুযায়ী, প্রকৃত যোদ্ধাদের মর্যাদা অক্ষুণ্ণ থাকবে। তবে ‘মুক্তিযুদ্ধের সহযোগী’হিসেবে তাদের অবদানও যথাযথভাবে স্মরণ করা হবে।