মোবাইল ফোন না দেওয়ার অভিযোগে থানায় হাজির ষষ্ঠ শ্রেণির ছাত্র

মোবাইল ফোন না দেওয়ার কারণে বাবা-মায়ের বিরুদ্ধে মারধরের অভিযোগ নিয়ে থানায় হাজির হয়েছে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থী।

সোমবার (২১ সেপ্টেম্বর) রাতে এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। গত রোববার রাত ১০টার দিকে ওই শিক্ষার্থী হাজীগঞ্জ থানায় উপস্থিত হলে বিষয়টি নিয়ে কৌতূহলের সৃষ্টি হয়।

অভিযোগকারী শিক্ষার্থী স্থানীয় একটি বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র বলে পুলিশ নিশ্চিত করেছে। জানা যায়, মোবাইল ফোন ব্যবহারের জন্য বাবা-মায়ের কাছে আবদার করে মিনার (ছদ্মনাম)। কিন্তু মোবাইল ফোন না দেওয়ায় পরিবারের সঙ্গে তার মনোমালিন্য হয়। একপর্যায়ে বাবা-মায়ের বিরুদ্ধে মারধরের অভিযোগ নিয়ে সে রাতে একাই হাজীগঞ্জ থানায় চলে আসে। পরে থানায় শিক্ষার্থীর সঙ্গে কথা বলেন পুলিশ পরিদর্শক জহির হোসেন। তিনি বিষয়টি শুনে ওই শিক্ষার্থীকে বুঝিয়ে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার উদ্যোগ নেন।

পুলিশ পরিদর্শক জহির হোসেন বলেন, ‘শিশুটি অভিমান করে বাবা-মায়ের বিরুদ্ধে অভিযোগ নিয়ে থানায় এসেছিল। আমরা তার সঙ্গে শান্তভাবে কথা বলেছি এবং বিষয়টি বোঝার চেষ্টা করেছি। পরে তার বাবা-মাকেও ডেকে এনে সন্তানের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলি। তাদের বুঝিয়ে বলেছি, পারিবারিক বিষয়গুলো যেন ভালোবাসা ও বোঝাপড়ার মাধ্যমে সমাধান করা হয়। পরে শিশুটিকে তার বাবা-মায়ের হাতে তুলে দেওয়া হয়েছে।’

তিনি আরও বলেন, ‘ছোট একটি বিষয়কে কেন্দ্র করে যেন শিশুর মনে কোনো ধরনের নেতিবাচক প্রভাব না পড়ে, সে বিষয়েও তার বাবা-মাকে সতর্ক করা হয়েছে।’ পুলিশের পরামর্শ ও পারিবারিকভাবে বিষয়টি সমাধানের পর ওই শিক্ষার্থীকে বাবা-মায়ের সঙ্গে বাড়িতে পাঠানো হয়েছে।

All Categories