মন্ত্রণালয় ও সংস্থার মধ্যে সমন্বয়ের অভাবে পিছিয়ে পড়ছে দেশ: উপদেষ্টা সাখাওয়াত
সরকারি বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার মধ্যে কার্যকর সমন্বয়ের অভাবের কারণে দেশ উন্নয়নের পথে পিছিয়ে পড়ছে বলে মন্তব্য করেছেন নৌ পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার (অব.) ড. এম সাখাওয়াত হোসেন।
শনিবার রাজধানীর বিজয় স্মরণীর সামরিক জাদুঘরে ‘বিশ্ব হাইড্রোগ্রাফি দিবস ২০২৫’ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
সাখাওয়াত হোসেন বলেন, শুধু এখন নয়, শুরু থেকেই দেখা গেছে মন্ত্রণালয়গুলো নিজেদের মতো করে কাজ করছে, একে অন্যের সঙ্গে সমন্বয় না করে। কেউ রাস্তা মেরামত করছে, কিছুদিন পর আরেক সংস্থা এসে সেটি আবার কেটে ফেলছে। এতে জনগণের ভোগান্তি বাড়ছে, রাষ্ট্রীয় সম্পদেরও অপচয় হচ্ছে।
হাইড্রোগ্রাফি বিভাগের গুরুত্ব তুলে ধরে উপদেষ্টা বলেন, এটি শুধু সামরিক বা নৌ-নিরাপত্তার জন্য নয়; সমুদ্রবন্দর উন্নয়ন, মৎস্য সম্পদ সংরক্ষণ, তেল ও গ্যাস অনুসন্ধান এবং উপকূলীয় দুর্যোগ ব্যবস্থাপনাতেও এর বড় ভূমিকা রয়েছে।
তিনি বলেন, ‘হাইড্রোগ্রাফিক তথ্য হচ্ছে সমুদ্র সম্পদ ব্যবহারের রূপরেখা। এ তথ্য যত বিশদ, হালনাগাদ ও নির্ভুল হবে, সমুদ্রসম্পদ ব্যবহারের পরিকল্পনা ততটাই কার্যকর হবে। ব্লু ইকোনমি বাস্তবায়নেও এ ধরনের তথ্যের বিকল্প নেই।