মিয়ানমারের মানবাধিকার পরিস্থিতি নিয়ে জাতিসংঘ দূতের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

মিয়ানমারে মানবাধিকার পরিস্থিতি নিয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতিসংঘের বিশেষ প্রতিবেদক টম অ্যান্ড্রুজ।

আজ (বৃহস্পতিবার) রাজধানীতে অনুষ্ঠিত এ বৈঠকে অ্যান্ড্রুজ প্রধান উপদেষ্টার নেতৃত্বের প্রশংসা করেন। তিনি বলেন, আন্তর্জাতিক অঙ্গনে রোহিঙ্গা ইস্যুকে অগ্রাধিকার দিতে ড. ইউনূসের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

অ্যান্ড্রুজ স্মরণ করিয়ে দেন, জাতিসংঘ সদর দপ্তরে আগামী ৩০ সেপ্টেম্বর প্রধান উপদেষ্টার উদ্যোগে রোহিঙ্গা বিষয়ে একটি আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। তিনি আরও বলেন, দীর্ঘমেয়াদি সমাধানের আশা জিইয়ে রাখতে ড. ইউনূসের উদ্যোগ এবং বাংলাদেশের মানবিক সহায়তার জন্য বিশ্ব কৃতজ্ঞ।

বৈঠকে প্রধান উপদেষ্টা আশা প্রকাশ করেন, জাতিসংঘ সম্মেলন এই দীর্ঘস্থায়ী সংকট সমাধানে সুনির্দিষ্ট পথ নির্দেশ করবে। তিনি উল্লেখ করেন, রোহিঙ্গাদের জন্য আন্তর্জাতিক সহায়তা কমে যাওয়ায় স্বাস্থ্য ও শিক্ষাসহ জরুরি সেবায় বড় ধরনের প্রভাব পড়ছে। এ অবস্থায় পর্যাপ্ত তহবিল নিশ্চিত করতে অ্যান্ড্রুজকে প্রচেষ্টা চালিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।

অ্যান্ড্রুজ বলেন, রাখাইনকে স্থিতিশীল করতে এবং রোহিঙ্গাদের স্বেচ্ছা প্রত্যাবাসনের উপযোগী পরিবেশ তৈরি করতে জাতিসংঘ মহাসচিবের উদ্যোগ দুরভিসন্ধিমূলক প্রচারণার কারণে সফল হয়নি। তবে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, সংশ্লিষ্ট পক্ষগুলোর অব্যাহত প্রচেষ্টা দ্রুত ও স্থায়ী সমাধান এনে দিতে পারে।

জাতিসংঘের এ বিশেষ প্রতিবেদক আগামী ২৫ আগস্ট কক্সবাজারে রোহিঙ্গা ইস্যুতে অনুষ্ঠিতব্য স্টেকহোল্ডার সংলাপে অংশ নিতে বাংলাদেশ সফর করছেন। প্রধান উপদেষ্টা ওই সংলাপের উদ্বোধন করবেন।

All Categories