মিয়ানমার সংকট নিয়ে আসিয়ানের অবস্থান অপরিবর্তিত

মিয়ানমার সংক্রান্ত পাঁচ দফা ঐকমত্য সম্পর্কে আসিয়ান এখনও তার অবস্থান পরিবর্তন করেনি।

আসিয়ানের উচ্চপর্যায়ের বৈঠকে মিয়ানমারের অংশগ্রহণের বিষয়টি এখনো আলোচনা চলছে বলে জানিয়েছেন আসিয়ানের মিয়ানমার বিষয়ক বিশেষ দূত এবং ফিলিপাইনের পররাষ্ট্রমন্ত্রী মা. থেরেসা লাজারো।

২০২১ সালের সামরিক অভ্যুত্থানের পর থেকে মিয়ানমারের সংকট মোকাবিলায় আসিয়ানের প্রধান কাঠামো হিসেবে পাঁচ দফা ঐকমত্য কাজ করছে, যার মধ্যে অবিলম্বে সহিংসতা বন্ধ এবং সকল পক্ষের মধ্যে গঠনমূলক সংলাপ শুরু করার আহ্বান রয়েছে। এই ঐকমত্যের সঙ্গে মানবিক সহায়তা এবং আসিয়ানের মধ্যস্থতার প্রস্তাবও যুক্ত রয়েছে।

আগামীকাল ম্যানিলায় অনুষ্ঠিতব্য আসিয়ান শীর্ষ সম্মেলনের আগে মিয়ানমারের জান্তা সমর্থিত নেতাদের অংশগ্রহণের ওপর পাঁচ বছরের নিষেধাজ্ঞা শিথিলের জন্য চাপ বাড়ছে। যদিও থাইল্যান্ডসহ কিছু সদস্য দেশ মিয়ানমারের সঙ্গে যোগাযোগ বাড়িয়েছে, বিশেষ দূত লাজারো জানান যে পাঁচ দফা ঐকমত্যের খসড়া পর্যালোচনা নিয়ে এখনো আলোচনা চলছে এবং নেতাদের কাছে কিছু প্রস্তাব পেশ করা হবে।

মিয়ানমারের রাজনৈতিক নেতাদের ওপর থাকা বিধিনিষেধে পরিবর্তন আসবে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “সরাসরি বলতে গেলে, (মিয়ানমারের বিষয়ে) কোনো শিথিলতা নেই। পাঁচ দফা ঐকমত্য এখনও বহাল রয়েছে।”

আসিয়ানের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে মিয়ানমারের পররাষ্ট্রমন্ত্রীকে অংশগ্রহণের অনুমতি দেওয়ার বিষয়ে থাইল্যান্ডের আহ্বানের প্রসঙ্গে লাজারো বলেন, বিষয়টি এখনও আলোচনার পর্যায়ে রয়েছে এবং কোনো সিদ্ধান্ত হয়নি।

১৫ থেকে ১৭ নভেম্বর ম্যানিলায় অনুষ্ঠিত আসিয়ান নেতাদের বৈঠকে মিয়ানমারবিষয়ক সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হবে।

All Categories