মিটফোর্ড হাসপাতালের সামনে মাথা থেঁতলে পিটিয়ে ব্যবসায়ীকে হত্যা, গ্রেপ্তার ৪
পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালে নৃশংসভাবে এক ভাঙারি ব্যবসায়ীকে প্রকাশ্যে হত্যার ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। নিহত ব্যক্তির নাম লাল চাঁদ ওরফে সোহাগ (৩৯)।
বুধবার (৯ জুলাই) বিকেলে মিটফোর্ড হাসপাতালের ৩ নম্বর গেটের সামনে পাকা রাস্তায় এ হত্যাকাণ্ড ঘটে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, প্রকাশ্যে তাঁকে পিটিয়ে এবং ইট-পাথরের টুকরা দিয়ে আঘাত করে মাথা ও শরীরের বিভিন্ন অংশ থেঁতলে দেওয়া হয়। সেসব দৃশ্য দেখে মানুষের মনে তৈরি হয়েছে তীব্র ক্ষোভ।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় মাহমুদুল হাসান মহিন ও তারেক রহমান রবিন নামে দুজনকে গ্রেপ্তার করে আদালতে তোলা হয়। আদালত তাদের পাঁচ দিনের রিমান্ডে পাঠিয়েছেন। এ ছাড়া যৌথ বাহিনী ও র্যাব আরও চারজনকে গ্রেপ্তার করেছে।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে জানানো হয়েছে, নিহত লাল চাঁদের বড় বোন বাদী হয়ে কোতোয়ালি থানায় হত্যা মামলা করেছেন। পুলিশ ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণ করছে।
ডিএমপির ভাষ্যমতে, প্রাথমিক তদন্তে জানা গেছে, ব্যবসায়িক বিরোধ ও পুরোনো শত্রুতার জের ধরে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন ও জড়িত বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।
এই মামলার ১৯ আসামির মধ্যে দুজন জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের নেতা। ঘটনায় তাদের সম্পৃক্ততার অভিযোগে শুক্রবার সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ওই দুই নেতাকে আজীবনের জন্য বহিষ্কার করেছে সংগঠনটি।