মিলানে আমরা ফাইনালের আগে আরেকটি ফাইনাল খেলব: বার্সা কোচ
সেমিফাইনালের প্রথম লেগে ঘরের মাঠে ইন্টার মিলানের সঙ্গে ৩-৩ গোলের রোমাঞ্চকর ড্র করেছে বার্সেলোনা। তবে তিন গোল হজম করায় খুশি নন কোচ হ্যান্সি ফ্লিক। ফিরতি লেগে ইন্টার মিলানের ঘরের মাঠ সানসিরোতে অপেক্ষা করছে আরও কঠিন লড়াই। বার্সা কোচ মনে করছেন, মিলানের ম্যাচটাই যেন এক প্রকার ফাইনালের আগে ফাইনাল।
মন্তুজুইক স্টেডিয়ামে বুধবার রাতে গোল খেয়ে ম্যাচ শুরু করে বার্সেলোনা। প্রথমার্ধেই দুই গোল হজম করে পিছিয়ে পড়ে তারা। তবে দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়িয়ে শেষ পর্যন্ত ম্যাচে সমতা ফেরায় কাতালানরা।
ম্যাচ শেষে বার্সা কোচ হ্যান্সি ফ্লিক বলেন, আমরা ভালোভাবে শুরু করিনি, দুটি গোল খেয়ে বসি। কিন্তু এরপর আমরা ঘুরে দাঁড়িয়েছি এবং দ্বিতীয়ার্ধে দারুণ খেলেছি। এটা দর্শকদের জন্য চমৎকার একটি ম্যাচ ছিল।
ফিরতি লেগ নিয়ে বেশ আত্মবিশ্বাসী ফ্লিক। বলেন, এটা দুই দলের প্রথম সাক্ষাৎ। এখন আমাদের জিততেই হবে। এটা ফাইনালের আগের ফাইনাল। আমরা যেন আত্মবিশ্বাস নিয়ে খেলি নিজেদের উপর বিশ্বাস রেখে। আশা করি ৯০ মিনিটই যথেষ্ট হবে ফাইনালে উঠতে।
তবে তিনটি গোল হজম করায় সতর্কও এই জার্মান কোচ। বিশেষ করে ইন্টারের সেট পিসের শক্তির কথা মাথায় রাখছেন তিনি। “ইন্টার অভিজ্ঞ দল। সেট পিসে তারা আমাদের ওপর প্রভাব বিস্তার করেছে এবং তা কাজে লাগিয়েছে,” বলেন ফ্লিক।
তিনি যোগ করেন, তাদের অনেক লম্বা খেলোয়াড় আছে, যারা সেট পিসে খুব বিপজ্জনক। তবে আমি আমার দলের পারফরম্যান্স এবং লড়াইয়ের মানসিকতা দেখে গর্বিত।
এই ম্যাচে সবচেয়ে উজ্জ্বল ছিলেন তরুণ লামিন ইয়ামাল। একটি গোল ও একটি অ্যাসিস্টের পাশাপাশি রাফিনিয়ার গোলেও অবদান রাখেন এই তরুণ। ফ্লিক বলেন, সে আমাদের পথ দেখিয়েছে। তার করা দ্বিতীয় গোলটি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। বড় ম্যাচে তার গুণাগুণ স্পষ্ট হয়ে যায়। ইনজাগির মন্তব্যের সঙ্গে আমি একমত এ রকম খেলোয়াড় ৫০ বছরে একবার আসে।
মিলানের ফিরতি লেগ নিয়েও ইতিবাচক মানসিকতা দেখালেন বার্সা কোচ, ইন্টার শুধু রক্ষণ করেই পার পাবে না, তাদেরও গোল করতে হবে। সেমিফাইনালে খেলছে ইউরোপের সেরা চার দল। কাজেই আমাদের সাহস নিয়ে খেলতে হবে এবং জানা কাজগুলো ঠিকভাবে করে যেতে হবে।