মেসির দুর্দান্ত প্রত্যাবর্তন, মায়ামির নাটকীয় জয়
আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসি দীর্ঘ তিন ম্যাচ পর ফিরেছেন ইন্টার মায়ামির মূল একাদশে এবং তার প্রত্যাবর্তনেই দলকে এনে দিয়েছেন নাটকীয় এক জয়। রোববার রাতে আটলান্টা ইউনাইটেডের বিপক্ষে ২-১ ব্যবধানে জয় পেয়েছে মায়ামি, যেখানে মেসি সমতা ফেরানোর পর ফাফা পিকল্টের শেষ মুহূর্তের গোলে দলটি জয় নিশ্চিত করেছে।
মেসি ইনজুরির কারণে গত তিনটি ম্যাচে ছিলেন না, তবে কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপে তিনি বদলি হিসেবে খেলেছিলেন। আজ (রবিবার) ফিরেই মেসি আবারও তার ফুটবল জাদু দেখালেন। ম্যাচের ২০তম মিনিটে তিনি দুর্দান্ত একটি গোল করে মায়ামিকে সমতায় ফিরিয়ে আনেন। আটলান্টার মিডফিল্ডার বার্তোজ স্লিশকে চমৎকারভাবে ছিটকে দিয়ে বল দখলে নেন এবং পরে গোলরক্ষক ব্র্যাড গুজানকে বুদ্ধিদীপ্ত চিপ শটে পরাস্ত করেন।
১১তম মিনিটে আটলান্টার ইমানুয়েল লাট্টে লাথ দলের হয়ে এগিয়ে যান। তবে দ্বিতীয় গোলের সুযোগ এলেও, অফসাইডের কারণে সেটি বাতিল হয়ে যায়।
দ্বিতীয়ার্ধে দুই দলই আক্রমণাত্মক ফুটবল উপস্থাপন করলেও, ম্যাচের নাটকীয় মোড় আসে ৮৯তম মিনিটে। কর্নার থেকে জর্দি আলবার ক্রসে দুর্দান্ত হেডে গোল করেন বদলি খেলোয়াড় ফাফা পিকল্ট। তিনি আটলান্টার ডিফেন্ডার আজানি ফর্চুনকে ফাঁকি দিয়ে গোল করেন, যা ছিল মায়ামির হয়ে তার প্রথম গোল।
ম্যাচ শেষে ইন্টার মায়ামির কোচ হাভিয়ের মাশ্চেরানো বলেন,মেসি ইতিহাসের সেরা খেলোয়াড়। তার গোলের মতো সৌন্দর্যপূর্ণ গোল খুব কমই দেখা যায়। পিকল্টের গোলও আমাদের আনন্দ দিয়েছে।
এই জয়ের মাধ্যমে, চার ম্যাচে ৩ জয় নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে ইন্টার মায়ামি। পরবর্তী ম্যাচে ২৯ মার্চ ঘরের মাঠে ফিলাডেলফিয়া ইউনিয়নের বিপক্ষে খেলবে মায়ামি।