মধ্যরাতে ফেনী সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত
ফেনীর পরশুরাম পৌরসভার বাঁশপদুয়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরেকজন।
নিহতের নাম মিল্লাত হোসেন (২১)। তিনি বাঁশপদুয়া এলাকার মো. ইউসুফের ছেলে। আহত মো. আফসার (৩২) একই এলাকার এয়ার আহমেদের ছেলে।
বিজিবি ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে বাঁশপদুয়া সীমান্তের ২১৬৪/৩-এস নম্বর পিলার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়দের ভাষ্য, মিল্লাত ও আফসার রাতে মাছ ধরতে সীমান্তের কাছে গিয়েছিলেন। এ সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী তাঁদের লক্ষ্য করে গুলি চালায়।
গুলিবিদ্ধ অবস্থায় দুজনকে প্রথমে পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাঁদের ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়। পথে মিল্লাত হোসেনের মৃত্যু হয়। আহত আফসারকে পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
নিহত মিল্লাতের মামা মো. ডালিম বলেন, ‘মাছ ধরতে গিয়েই গুলি খেয়েছে ওরা।
ঘটনার পর বিজিবির গুতুমা বিওপির একটি টহল দল ঘটনাস্থলে যায়। তারা স্থানীয়দের সঙ্গে কথা বলে জানতে পারে, গুলিবিদ্ধ দুজন পিলার অতিক্রম করে ভারতের ভেতরে ঢুকে পড়েছিলেন।
বিজিবি ৪ ফেনী ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, “নিহত ব্যক্তির মরদেহ ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। কেন এবং কোন অবস্থার পরিপ্রেক্ষিতে তারা এত রাতে সীমান্তের শূন্য লাইন অতিক্রম করেছেন, এ বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ চলমান।