মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের ভরাডুবির জন্য ইরান যুদ্ধকে দায়ী করলেন জেডি ভ্যান্স, ‘অনেকটাই সত্য’ বললেন ট্রাম্প
মার্কিন মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান দলের বড় পরাজয়ের পেছনে মূলত ইরান যুদ্ধ এবং ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ককে দায়ী করেছেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। বুধবার (৪ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এ মূল্যায়ন তুলে ধরেন।
ভ্যান্স লেখেন, মূল সমস্যা হলো ২০২৪ সালে যারা ট্রাম্প ও তাকে ভোট দিয়েছিলেন, তাদের অনেকেই এবার ডেমোক্র্যাটদের বেছে নিয়েছেন। জনমত জরিপের তথ্য উল্লেখ করে তিনি জানান, দল ছেড়ে যাওয়া ভোটারদের ফেরার শর্ত জানতে চাইলে প্রায় সবাই চারটি বিষয় বলেছেন: ইরান যুদ্ধ বন্ধ করা, জীবনযাত্রার ব্যয় ও মূল্যস্ফীতিতে নজর দেওয়া, আমেরিকাকে অগ্রাধিকার দেওয়া এবং ইসরায়েলের সঙ্গে সম্পর্কে পরিবর্তন আনা।
ইরান সংকট কূটনৈতিকভাবে সমাধানের পরামর্শ দেওয়া এক রক্ষণশীল টিভি ব্যক্তিত্বের কথা উল্লেখ করে ভ্যান্স বলেন, তার রাজনৈতিক পরামর্শই সঠিক প্রমাণিত হয়েছে। তিনি আরও লেখেন, কেউ যদি মনে করেন আগামী ছয় বছরের জন্য সিনেট হারানোর মূল্যে এই যুদ্ধ সার্থক ছিল, তবে খোলাখুলি সেই যুক্তি দিন, অন্তত তাতে সততা থাকবে। স্পষ্ট ভাষায় তিনি বলেন, ‘আমাদের হারার কারণ যুদ্ধ।’
ভ্যান্সের পোস্টটি পুনরায় শেয়ার করে ট্রাম্পের ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র এর সঙ্গে পুরোপুরি একমত হওয়ার কথা জানান।
এ বিষয়ে প্রশ্ন করা হলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, তার কোনো আপত্তি নেই এবং মূল্যায়নটি অনেকটাই সত্য, কারণ যুদ্ধের কারণে স্বল্পমেয়াদে জ্বালানির দাম কিছুটা বেড়েছে। তবে তিনি বলেন, আবার সুযোগ পেলেও একই সিদ্ধান্ত নিতেন, কারণ ইরানকে পারমাণবিক অস্ত্র রাখতে দেওয়া যায় না। যুদ্ধ নির্বাচনে প্রভাব ফেলবে তা তিনি জানতেন, তবু ভিন্ন কিছু করতেন না বলেও মন্তব্য করেন।
প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথকে সরিয়ে দেওয়ার সম্ভাবনাও নাকচ করেন ট্রাম্প। যুদ্ধ শেষ হওয়ার প্রশ্নে তিনি বলেন, তিনি যখন চাইবেন তখনই যুদ্ধ শেষ হবে, তবে তা সঠিকভাবে সম্পন্ন করতে হবে।