মবের নামে নাশকতার সুযোগ নেই এখন, সারজিসকে সেনা কর্মকর্তা

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদেরের রংপুরের বাসভবনে হামলার ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও বিএনপির কয়েকজন নেতাকে শনিবার দিবাগত মধ্যরাতে জিজ্ঞাসাবাদ করেছে সেনাবাহিনী।

খবর পেয়ে ওই সময় সেখানে ছুটে যান জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম। তিনি সেনাবাহিনীর ৭২ পদাতিক ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হুমায়ুন কাইয়ুমের সঙ্গে কথা বলেন।

এ সময় ব্রিগেডিয়ার জেনারেল হুমায়ুন কাইয়ুম সারজিস আলমকে বলেন, ‘শরীরে যতক্ষণ রক্ত আছে, উই আর নট গোয়িং টু প্রমোট এনিওয়ান হু ইজ অ্যাগেইনস্ট দ্য কান্ট্রি। আপাতত স্ট্যান্ডিং হলো, যারা জনগণের অসুবিধা করে, ভাঙচুর করে, আগুন লাগায়—এই বার্তাটা দেওয়া যে, না, এটা করার সুযোগ নেই এখন।’

এর আগে বৃহস্পতিবার রাত পৌনে ৯টার দিকে রংপুর শহরের সেনপাড়ায় ‘দ্য স্কাই ভিউ’ নামের ভবনে জিএম কাদেরের বাসভবনে হামলা হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি মিছিল থেকে ওই হামলা হয়েছে বলে দাবি জাপা নেতাদের। ঘটনায় ভাঙচুর ও অগ্নিসংযোগেরও অভিযোগ আছে। ঘটনার সময় জিএম কাদের বাড়িতেই ছিলেন।

পরে শনিবার রাত সাড়ে ১২টার দিকে নগরীর পায়রা চত্বর মোড়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা ও মহানগর কমিটির আহ্বায়ক ইমরান আহমেদ ও ইমতিয়াজ আহমেদ ইমতিকে জিজ্ঞাসাবাদ করেন সেনাবাহিনীর কর্মকর্তা।

জিজ্ঞাসাবাদের সময় বৃষ্টি হচ্ছিল। বৃষ্টির মধ্যেই ঘটনাস্থলে যান এনসিপি নেতা সারজিস আলম। রাত ২টার দিকে তাঁরা ঘটনাস্থল ত্যাগ করেন। এ সময় স্থানীয় বিএনপির কয়েকজন নেতাকেও জিজ্ঞাসাবাদ করা হয়।

সেনাবাহিনীর সঙ্গে আলাপ শেষে সারজিস আলম সাংবাদিকদের বলেন, ‘তদন্তের জন্য যেকোনো দল—বিএনপি, জামায়াত, এনসিপি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন—সবার কাউকে না কাউকে জিজ্ঞাসাবাদ করা যেতেই পারে। তবে রাত ১টা, ২টায় ডেকে নেওয়ার বিষয়টি অনেক সময় প্রশ্নের জন্ম দেয়। আমাদের প্রত্যাশা, দিনবেলায় অফিস আওয়ারে ডাকা হলে সবার পক্ষেই ভালো হতো। আমরা অবশ্যই তদন্তে সব ধরনের সহযোগিতা করব।’

All Categories