মব জাস্টিস কমাতে আমরা কাজ করছি: স্বরাষ্ট্র উপদেষ্টা
মব জাস্টিস বা গণপিটুনি কমিয়ে আনার জন্য সরকার কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।
সোমবার (১৮ আগস্ট) সচিবালয়ে আইনশৃঙ্খলা বাহিনীর ১২তম সভা শেষে সংবাদ সম্মেলনে তিনি বলেন, “মব জাস্টিস পুরোপুরি দূর হয়নি। এখনও ঘটছে—যেমন রংপুরে একটি ঘটনা ঘটেছে। ঢাকায় তুলনামূলক কমেছে, তবে আশপাশে দু-একটি হচ্ছে। আমরা চেষ্টা করছি যতটা সম্ভব কমিয়ে আনা যায়।”
গত ১৫ আগস্ট রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে এক রিকশাচালককে গ্রেপ্তারের ঘটনায় প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে ওসির কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছিল। এ বিষয়ে জাহাঙ্গীর আলম বলেন, “প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে ব্যাখ্যা দেওয়া হয়েছে। ধানমন্ডি ৩২ এ যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে বিষয়ে আমাদের নির্দেশনা ছিল।”
কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কর্মস্থলে অনুপস্থিত থাকায় ১৮ জন পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে বলেও সভা শেষে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, “এটি চলমান প্রক্রিয়া। ছুটি ছাড়া ৬০ দিন অনুপস্থিত থাকলেই বরখাস্ত হবে। এটি চলতেই থাকবে।”
তিনি আরও বলেন, “আমরা চাই সাধারণ বা নির্দোষ মানুষ যেন কোনো অবস্থাতেই শাস্তির আওতায় না আসে। কিন্তু দোষীরা যেন কোনোভাবেই ছাড় না পায়। আমরা সবসময় চুনোপুঁটি ধরি, রুই–কাতলা ধরা পড়ে না। এখন রাঘব বোয়ালদের ধরার চেষ্টা চলছে।”