মালয়েশিয়া থেকে ফেরত আসা কেউ জঙ্গি নয় : স্বরাষ্ট্র উপদেষ্টা

মালয়েশিয়া থেকে দেশে ফেরত পাঠানো ব্যক্তিদের কেউই জঙ্গি নন বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা মেজর জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

রোববার দুপুরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রপ্তানি কার্গো ভিলেজ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, যাদের ফেরত পাঠানো হয়েছে, তারা কেউ জঙ্গি নয়। তাদের ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ায় মালয়েশিয়া সরকার তাদের ফেরত পাঠিয়েছে। সে দেশের পুলিশের যেটা দাবি, তা যাচাই করার চেষ্টা চলছে। তবে মালয়েশিয়া থেকে এখনো পর্যন্ত সরকারিভাবে আমাদের কাছে কোনো বার্তা আসেনি।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, বাংলাদেশে এখন কোনো জঙ্গি তৎপরতা নেই। আপনাদের (গণমাধ্যম) সহযোগিতায় জঙ্গি নির্মূল করা সম্ভব হয়েছে। গত ১০ মাসে জঙ্গি-সংক্রান্ত কোনো তথ্য আপনারা দিতে পারেননি, কারণ দেশে এখন জঙ্গি নেই। আগে ছিল, তখন আপনারা তথ্য দিয়েছেন।

এর আগে গত শুক্রবার মালয়েশিয়া থেকে ফেরত পাঠানো তিনজনকে সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করে পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ)। পরে তাদের ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। তবে পুলিশ তাদের পরিচয় প্রকাশ করেনি।

মালয়েশিয়ার পুলিশ জানায়, চলতি বছরের এপ্রিল থেকে দেশটিতে চালানো ধারাবাহিক সন্ত্রাসবিরোধী অভিযানে ৩৬ বাংলাদেশিকে আটক করা হয়। তারা দেশটির বিভিন্ন কারখানা, নির্মাণ ও সেবা খাতে কর্মরত ছিলেন। আটক ব্যক্তিদের মধ্যে পাঁচজনের বিরুদ্ধে সন্ত্রাসবাদে জড়িত থাকার অভিযোগে মামলা হয়েছে। ১৫ জনকে ফেরত পাঠানো হয়েছে এবং ১৬ জন এখনো মালয়েশিয়ায় পুলিশের হেফাজতে রয়েছেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘বিষয়টি আমরা গুরুত্ব দিয়ে দেখছি। যাঁরা সন্দেহভাজন, তাঁদের বিষয়ে তদন্ত চলছে। তবে সবাইকে এক কাতারে ফেলা যাবে না।

All Categories