মাইলস্টোনে বিমান বিধ্বস্ত: দগ্ধ ৫ জনের পরিচয় ডিএনএ পরীক্ষায় শনাক্ত

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় নিহতদের মধ্যে পরিচয় না পাওয়া সাতজনের মধ্যে পাঁচজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

আজ বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বার্তায় সিআইডি জানায়, ডিএনএ নমুনা পরীক্ষার মাধ্যমে ফরেনসিক ল্যাব থেকে পাঁচজনের পরিচয় নিশ্চিত করা হয়েছে। তবে তাঁদের নাম বা বিস্তারিত পরিচয় এখনও প্রকাশ করা হয়নি।

গত সোমবার দুপুরে কলেজ ভবনের ওপর ভেঙে পড়ে বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান। আগুন ধরে যায় পুরো ভবনে। আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, দুর্ঘটনায় প্রথমে ৩১ জন নিহত এবং ১৬৫ জন আহত হন। পরে হাসপাতালে চিকিৎসাধীন আরও দুজন মারা যান।

তবে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার হালনাগাদ তথ্য অনুযায়ী, স্বাস্থ্য অধিদপ্তর জানায় নিহতের সংখ্যা ৩০। আহতদের মধ্যে ৫৬ জন এখনো বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। এর মধ্যে জাতীয় বার্ন অ্যান্ড প্ল্যাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ৪৪ জন, সিএমএইচে ১১ জন এবং শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন একজন।

সিআইডির কর্মকর্তারা জানিয়েছেন, নিহতদের পরিচয় শনাক্তে ডিএনএ পরীক্ষার পাশাপাশি নিহত ব্যক্তিদের স্বজনদের নমুনাও সংগ্রহ করা হয়। তাদের সঙ্গে ম্যাচিং করে পাঁচজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে।

দুর্ঘটনার কারণ অনুসন্ধানে বিমানবাহিনীর পাশাপাশি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এবং সরকারের পক্ষ থেকেও তদন্ত কমিটি কাজ করছে।

সূত্র: সিআইডি, স্বাস্থ্য অধিদপ্তর, আইএসপিআর

All Categories