মাইলস্টোন ট্র্যাজেডি: এক মাস পর আরেক শিক্ষার্থীর মৃত্যু
রাজধানীর উত্তরার দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ আরও এক শিক্ষার্থী মারা গেছেন। টানা ৩৩ দিন আইসিইউতে চিকিৎসাধীন থাকার পর শনিবার সকালে তার মৃত্যু হয়।এ নিয়ে দুর্ঘটনায় প্রাণহানির সংখ্যা দাঁড়াল ৩৬ জনে।
শনিবার সকাল ৭টা ৫৫ মিনিটে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান অষ্টম শ্রেণির শিক্ষার্থী তাসনিয়া হক (১৫)। তার গ্রামের বাড়ি ফরিদপুরের মধুখালী উপজেলায়। বাবা নাজমুল হকের সঙ্গে তিনি উত্তরার নলভোগ এলাকায় বসবাস করতেন।
বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, তাসনিয়ার শরীরের প্রায় ৩৫ শতাংশ দগ্ধ হয়েছিল। চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে তিনি মারা যান।
গত ২১ জুলাই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসের হায়দার আলী ভবনে বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। এতে বহু শিক্ষার্থী-শিক্ষক হতাহত হন।
বার্ন ইনস্টিটিউট সূত্রে জানা গেছে, এ পর্যন্ত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২০ জনের মৃত্যু হয়েছে। চিকিৎসা শেষে বাসায় ফিরেছেন ১৪ জন। বর্তমানে আরও ২০ জন দগ্ধ রোগী চিকিৎসাধীন আছেন।
মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, এ ঘটনায় প্রতিষ্ঠানটির শিক্ষার্থী-শিক্ষকসহ মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩৫ জনে।