মাইলস্টোন বিমান দুর্ঘটনা: নিহতের সংখ্যা বেড়ে ৩৩

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় আরও এক শিশুশিক্ষার্থী মারা গেছে। নিহত শিক্ষার্থীর নাম আব্দুল মুসাব্বির মাকিন (১৩)। তিনি ওই প্রতিষ্ঠানের সপ্তম শ্রেণির ছাত্র ছিলেন।

শুক্রবার (২৫ জুলাই) দুপুর ১টা ৫ মিনিটে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। চিকিৎসকেরা জানিয়েছেন, মাকিনের শ্বাসনালীসহ শরীরের প্রায় ৭০ শতাংশ দগ্ধ হয়েছিল।

প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, এ নিয়ে দুর্ঘটনায় মোট প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৩ জনে।

এর আগে, একই দিন সকালে বার্ন ইনস্টিটিউটেই মারা যায় আরও এক শিশুশিক্ষার্থী, তাসমিন আফরোজ আয়মান। তার শরীরের ৪৫ শতাংশ দগ্ধ হয়েছিল। গত বৃহস্পতিবার প্রাণ হারায় আরও দুই শিক্ষার্থী—মাহিয়া তাসনিম (১৫) ও মাহতাব রহমান (১৫)।

সোমবার (২১ জুলাই) দুপুরে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। ভয়াবহ এই দুর্ঘটনায় আহত হন শিক্ষার্থীসহ অন্তত ৫০ জন। তাঁদের মধ্যে ৪০ জন জাতীয় বার্ন ইনস্টিটিউটে, আটজন ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ), একজন করে শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন।

এ পর্যন্ত ৩৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ১৫ জন জাতীয় বার্ন ইনস্টিটিউটে, ১৫ জন সিএমএইচে এবং একজন করে ঢাকা মেডিকেল কলেজ, লুবানা জেনারেল হাসপাতাল ও ইউনাইটেড হাসপাতালে মারা গেছেন।

All Categories