লালমনিরহাটের পাটগ্রামে ডাম্পার ট্রাক ও অটোরিকশার সংঘর্ষে ৩ জন নিহত

লালমনিরহাটের পাটগ্রামে ডাম্পার ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন এবং অন্তত ছয়জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে পাটগ্রাম-বুড়িমারী মহাসড়কের ঘুন্টি বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে পাটগ্রাম থেকে বুড়িমারীর দিকে যাচ্ছিল একটি ডাম্পার ট্রাক। ঘুন্টি বাজার এলাকায় পৌঁছালে ট্রাকটির একটি চাকা বিকট শব্দে বিস্ফোরিত হয়, ফলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশাকে চাপা দেয় এবং সড়কের পাশের একটি দোকানে ঢুকে পড়ে।

এতে অটোরিকশায় থাকা দুইজন ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত কয়েকজনকে হাসপাতালে নেওয়ার পর আরও একজনের মৃত্যু হয়। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে, এবং গুরুতর আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এখন পর্যন্ত নিহত ও আহতদের নাম-পরিচয় জানা যায়নি। দুর্ঘটনায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ট্রাক ও অটোরিকশার সংঘর্ষে ঘটনাস্থলে দুইজন নিহত হয়েছেন এবং হাসপাতালে নেওয়ার পর আরও একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় প্রায় ছয়জন আহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থলে রয়েছে।

All Categories