লাহোরের ডু অর ডাই ম্যাচে খেলছেন সাকিব
পাকিস্তান সুপার লিগে (পিএসএল) টিকে থাকার লড়াইয়ে নামছে লাহোর কালান্দার্স। পেশোয়ার জালমির বিপক্ষে কালকের ম্যাচটি হেরে গেলে টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হবে শাহিন আফ্রিদির দলকে। এমন গুরুত্বপূর্ণ ম্যাচের ঠিক আগে লাহোর শিবিরে যোগ দিয়েছেন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান।
দলে যোগ দিয়ে চিরচেনা আত্মবিশ্বাসের সুরে সাকিব জানিয়েছেন, পিএসএলে ফেরার সুযোগ পেয়ে তিনি রোমাঞ্চিত। লাহোর কালান্দার্সের অফিশিয়াল ভিডিও বার্তায় সাকিব বলেন, ‘পিএসএলে আবার ফিরতে পেরে রোমাঞ্চিত। আশা করছি আগামীকালের ম্যাচটা ভালো যাবে। ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ, তার জন্য অপেক্ষা করছি।
সাকিবকে দলে নেওয়ার বিষয়টি আগেই নিশ্চিত করেছিল লাহোর ফ্র্যাঞ্চাইজিটি। হাতে চোট পাওয়া ড্যারিল মিচেলের পরিবর্তে তাঁকে স্কোয়াডে নেওয়া হয়েছে। তবে পরিবর্তন এসেছে আরও কিছু জায়গায়। ভারত–পাকিস্তান উত্তেজনার কারণে মাঝপথে টুর্নামেন্ট বন্ধ হওয়ার পর আর দলে ফেরেননি লাহোরের গুরুত্বপূর্ণ দুই বিদেশি ডেভিড ভিসা ও স্যাম বিলিংস।
বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেনকেও পাচ্ছে না দলটি। তাঁদের অনুপস্থিতিতে দলের ব্যাকআপ হিসেবে সুযোগ মিলেছে দীর্ঘদিন পর প্রতিযোগিতামূলক ক্রিকেটে নাম লেখাতে যাওয়া সাকিব ও শ্রীলঙ্কার ব্যাটার ভানুকা রাজাপক্ষের।
এর আগে পিএসএলে পেশোয়ার জালমি ও করাচি কিংস–এর হয়ে খেলেছেন সাকিব। এবারই প্রথম লাহোর কালান্দার্স–এর হয়ে মাঠে নামতে যাচ্ছেন তিনি। তবে গত নভেম্বরের পর পেশাদার কোনো ম্যাচ না খেলেই মাঠে নামতে হচ্ছে বাংলাদেশের এই অলরাউন্ডারকে।