কুমিল্লায় বাড়িতে ঢুকে নারীকে ধর্ষণ, প্রধান আসামিসহ গ্রেপ্তার ৫

কুমিল্লার মুরাদনগর উপজেলার একটি গ্রামে ঘরের দরজা ভেঙে এক নারীকে ধর্ষণের অভিযোগে ফজর আলী (৩৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। 
রোববার (২৯ জুন) ভোর ৫টার দিকে ঢাকার সায়েদাবাদ এলাকা থেকে তাকে আটক করা হয়।
ফজর আলী ওই গ্রামেরই বাসিন্দা।
 

পুলিশ জানিয়েছে, ধর্ষণের ঘটনার ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে একই গ্রামের অনিক, সুমন, রমজান ও বাবু নামের চারজনকেও গ্রেপ্তার করা হয়েছে।
 

কুমিল্লা জেলা পুলিশ সুপার নাজির আহমেদ খান জানান, বৃহস্পতিবার (২৬ জুন) দিবাগত রাতে রামচন্দ্রপুর দক্ষিণ ইউনিয়নের বাহেরচর পাচকিত্তা গ্রামে এই ঘটনা ঘটে। ভুক্তভোগী ওই নারী ১৫ দিন আগে বাপের বাড়িতে বেড়াতে আসেন।
 

স্থানীয়রা জানান, ঘটনার পর বিক্ষুব্ধ মানুষ ফজর আলীকে ধরে গণপিটুনি দেয়। পরে আহত অবস্থায় সে পালিয়ে যায়।
এদিকে ধর্ষণের ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। দ্রুত দোষীদের গ্রেপ্তারের দাবিতে নেটিজেনরা ক্ষোভ প্রকাশ করেন।
 

পরে মুরাদনগর থানা পুলিশ অভিযানে নেমে ভিডিও ধারণ ও ছড়িয়ে দেওয়া চারজনকে গ্রেপ্তার করে। আর মূল অভিযুক্ত ফজর আলীকে গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছিল।
পরে রোববার ভোরে সায়েদাবাদ থেকে ফজর আলীকে গ্রেপ্তার করা হয় বলে নিশ্চিত করেছেন পুলিশ সুপার নাজির আহমেদ খান।
 

তিনি আরও বলেন, ভুক্তভোগীর করা মামলার ভিত্তিতে এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
 

All Categories