ক্ষমা চেয়ে রাতে ফেসবুকে পোস্ট,ভোরে হলের নিচে মিলল ঢাবি শিক্ষার্থীর রক্তাক্ত মরদেহ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জগন্নাথ হলের নবনির্মিত রবীন্দ্র ভবনের নিচে সঞ্জু বারাইক (২৩) নামের এক শিক্ষার্থীর রক্তাক্ত মরদেহ পাওয়া গেছে। সোমবার ভোরে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করেছে।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মুনসুর জানান, হলের সিসিটিভি ফুটেজে দেখা গেছে, সঞ্জু ভবনের ছাদ থেকে পড়ে গেছেন। তিনি লাফিয়ে পড়েছেন নাকি দুর্ঘটনাবশত পড়ে গেছেন, তা এখনও নিশ্চিত নয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি আত্মহত্যার ঘটনা। তদন্ত শেষে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
সঞ্জু ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। থাকতেন জগন্নাথ হলে। তাঁর বাড়ি হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায়।
রোববার দিবাগত রাত আড়াইটার পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ওই শিক্ষার্থীর একটি পোস্ট দেখা গেছে ওই পোস্টে লেখা ছিল, ‘আমি আমার ভুল বুঝতে পেরেছি, আমি দিনের পর দিন কাউকে ডিস্টার্ব করে গেছি, উল্টো মানুষকে দোষারোপ করা আমার একদম ঠিক হয়নি, আমি সকলের কাছে ক্ষমাপ্রার্থী। আমি দিনের পর দিন অন্যায় করেছি, নিজের দোষ ঢেকে অপরজনকে দোষ দেওয়া আমার ঠিক হয়নি। আমি সকলের কাছে ক্ষমা চাচ্ছি, আমার কারণে কারও কোনো ক্ষতি হলে সেই দায় একান্তই আমার, আমি ক্ষমা চাচ্ছি।
জগন্নাথ হলের প্রাধ্যক্ষ দেবাশীষ পাল বলেন, সঞ্জু কিছুদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিল। দুই দিন ধরে সে হলে ছিল না। আজ ভোর চারটার দিকে হলে ফিরে আসে এবং মিনিট দশেক পর ছাদে যায়। বন্ধুদের সঙ্গে কথা বলে বিষয়টি জানতে পেরেছি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দীন আহমেদ জানান, ভোরের দিকে মরদেহটি উদ্ধার করা হয় এবং ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরিবারের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।