কোরবানির হাটে গিয়ে হারিয়ে গিয়েছিলাম: মেহজাবীন
কোরবানির ঈদ মানেই ত্যাগ, আনন্দ আর মিলেমিশে উদ্যাপন। এই উৎসব ঘিরে সাধারণ মানুষের মতো তারকাদের জীবনেও জড়িয়ে থাকে অনেক গল্প, স্মৃতি। দেশের জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীনের ঈদের স্মৃতিতেও রয়েছে এমনই এক মজার ঘটনা গরুর হাটে গিয়ে হারিয়ে যাওয়া।
এক সাক্ষাৎকারে ছোটবেলার সেই ঈদের স্মৃতি তুলে ধরেন মেহজাবীন। বলেন, ঈদে গরু কোরবানি নিয়ে সবাই ব্যস্ত থাকত। বাসায় কোরবানির গরু-ছাগল এলে আনন্দের যেন সীমা থাকত না।
শুধু ঘরের ভেতর নয়, হাটের গরু দেখার আগ্রহও ছিল ছোট মেহজাবীনের। চাচাতো ভাইদের পিছু পিছু গরুর হাটে যাওয়ার ইচ্ছা করে তাঁর। কিন্তু ভাইয়েরা তাঁকে নিতে রাজি হননি। বলেন, ‘আমি লুকিয়ে তাঁদের পেছন পেছন হাটে গিয়েছিলাম। গিয়ে দেখি, তাঁদের হারিয়ে ফেলেছি। ভয় পেয়ে হাটে বসে কাঁদছিলাম।
অবশেষে ভাইদের খুঁজে পান। তবে সেই মুহূর্ত তাঁর জীবনে এখন এক মজার স্মৃতি হয়ে আছে। বলেন, ‘স্মৃতিটা মনে পড়লে এখন একা একা হেসে ফেলি। আবার সেসব দিনের কথা মনে হলে আনন্দও লাগে। সেই রকম আনন্দ এখন আর পাই না।
ক্যারিয়ারে এখন সুসময় চলছে মেহজাবীনের। কিছুদিন আগেই তিনি পেয়েছেন সেরা অভিনেত্রীর পুরস্কার। বিয়ে করেছেন দীর্ঘদিনের প্রেমিক নির্মাতা আদনান আল রাজীবকে। ‘আলী’ সিনেমা নির্মাণ করে সদ্য কান চলচ্চিত্র উৎসব থেকেও পুরস্কার নিয়ে ফিরেছেন রাজীব। সব মিলিয়ে পেশাগত ও ব্যক্তিগত জীবন দুটোই এখন বেশ রঙিন মেহজাবীনের। ঈদের স্মৃতিগুলো তাই তাঁর কাছে বিশেষ হয়ে আছে বরাবরের মতো।