'কমপ্লিট শাটডাউন' করে চলছে 'মার্চ টু এনবিআর' কর্মসূচি

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) প্রধান কার্যালয় আজও অবরুদ্ধ। আন্দোলনে থাকা এনবিআর সংস্কার ঐক্য পরিষদের নেতাসহ কর্মকর্তা-কর্মচারীদের কার্যালয়ে ঢুকতে দেওয়া হয়নি। শনিবার (২৮ জুন) সকাল থেকে রাজধানীর আগারগাঁওয়ে প্রধান কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন তাঁরা।

ঢাকাসহ দেশের বিভিন্ন জেলা থেকে আগত কর্মকর্তারা সকাল থেকেই এনবিআর ভবনের সামনের সড়কে অবস্থান নেন। আন্দোলনকারীরা জানান, এনবিআর সংস্কার ঐক্য পরিষদের সভাপতি অতিরিক্ত কর কমিশনার হাসান মুহম্মদ তারেক রিকাবদারসহ সিনিয়র নেতাদের প্রবেশে বাধা দেওয়ায় তাঁরা আন্দোলনে বসেছেন।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, বর্তমান চেয়ারম্যান আবদুর রহমান খানের অপসারণ ছাড়া সরকারের সঙ্গে কোনো আলোচনায় যাবে না এনবিআর সংস্কার ঐক্য পরিষদ।

পরিষদের এক নেতা বলেন, ‘যাঁদের বাধা দেওয়া হয়েছে, তাঁরাই আমাদের নির্বাচিত প্রতিনিধি। তাঁদের প্রবেশ ঠেকিয়ে আলোচনার কথা বলে সরকার একতরফা অবস্থান নিচ্ছে। আমাদের শান্তিপূর্ণ কর্মসূচি চলবে।

এর আগে অর্থ উপদেষ্টার কার্যালয় থেকে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের কর্মসূচি প্রত্যাহারের আহ্বান জানানো হলেও পরিষদ জানিয়েছে, তাদের আলোচনায় ডাকা হয়নি।

শুক্রবার রাতে এক বিবৃতিতে সংগঠনটি জানায়, ‘২৭ জুন অর্থ উপদেষ্টার কার্যালয়ের প্রেস বিজ্ঞপ্তি আমাদের নজরে এসেছে। তবে ওই বৈঠকে আমাদের কাউকে আমন্ত্রণ জানানো হয়নি, কোনো প্রতিনিধি ছিলেন না। কাজেই ঘোষণা অনুযায়ী ২৮ জুন থেকে কর্মসূচি চলবে।’

ঘোষণা অনুযায়ী, আজ থেকে সারাদেশের ট্যাক্স, কাস্টমস ও ভ্যাট দপ্তরগুলোতে লাগাতার কমপ্লিট শাটডাউন চলছে। সেই সঙ্গে পালন করা হচ্ছে ‘মার্চ টু এনবিআর’ কর্মসূচি। তবে, আন্তর্জাতিক যাত্রীসেবা এই শাটডাউনের আওতার বাইরে রাখা হয়েছে।

সরকার গত ১২ মে এনবিআরকে দুটি পৃথক অংশে বিভক্ত করে একটি অধ্যাদেশ জারি করে। এর পর থেকেই এনবিআরের অধীন কাস্টমস, ভ্যাট ও আয়কর বিভাগের কর্মকর্তারা আন্দোলনে রয়েছেন।

All Categories