কিংস-আবাহনীর শিরোপার লড়াই আজ

ইংল্যান্ডপ্রবাসী হামজা দেওয়ান চৌধুরীর লাল-সবুজের জার্সিতে অভিষেকের পর বাংলাদেশের ফুটবলে যেন এক নতুন প্রাণের সঞ্চার হয়েছে। তাঁর পথ ধরে দেশের হয়ে খেলতে আগ্রহ প্রকাশ করেছেন সামিত সোম-কিউবার মতো আরও প্রবাসী ফুটবলার। মাঠের বাইরের এই জোয়ারের মধ্যে আজ মাঠে ফিরছে দেশের ঘরোয়া ফুটবলের সবচেয়ে বড় লড়াই ফেডারেশন কাপের ফাইনাল।

ময়মনসিংহের রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে আজ মুখোমুখি হবে দেশের দুই সফল ক্লাব ঢাকা আবাহনী লিমিটেড ও বসুন্ধরা কিংস। ম্যাচটি শুরু হবে দুপুর ২টা ৪৫ মিনিটে। দর্শকেরা খেলা উপভোগ করতে পারবেন টি স্পোর্টসের পর্দায়।

২০১৮ সালে পেশাদার ফুটবলে পা রাখার পর থেকে ঘরোয়া অঙ্গনে শিরোপা সংগ্রহে দাপট দেখিয়ে যাচ্ছে বসুন্ধরা কিংস। অন্যদিকে, শিরোপাহীন সময় কাটানো আবাহনীর জন্য এবারের ফাইনাল একপ্রকার পুনর্জাগরণের সুযোগ।

গত মৌসুমে কোনো শিরোপা না পাওয়ার হতাশা পেছনে ফেলে আকাশি-নীলরা এখন আত্মবিশ্বাসী। কারণ, ডাগ আউটে আছেন দেশের অন্যতম সফল কোচ এ কে এম মারুফুল হক। তাঁর অধীনেই এবারের মৌসুমে দুইবার কিংসকে হারিয়েছে আবাহনী।

কিংস কোচ ভ্যালেরিও তিতা অবশ্য অতীত নিয়ে ভাবতে রাজি নন। তাঁর চোখ এখন শুধু ট্রফিতে, ‘আগের ম্যাচে আমরা আবাহনীর কাছে হেরেছি। সেটি ভুলে গিয়ে আমরা নতুনভাবে প্রস্তুতি নিয়েছি। ফাইনাল মানেই নতুন সুযোগ। আশা করছি জিততে পারব।

ফেডারেশন কাপের ইতিহাসে সর্বোচ্চ ১২ বার শিরোপা জিতেছে ঢাকা আবাহনী। আজ জিতলে সংখ্যাটি ১৩তে পৌঁছাবে। আর কিংসের ঘরে আছে তিনটি ট্রফি, আজ জিতলে শোকেসে যোগ হবে চতুর্থটি।

৮ এপ্রিল প্রথম কোয়ালিফায়ারে টাইব্রেকারে কিংসকে হারিয়ে ফাইনালে উঠে আবাহনী। আর বসুন্ধরা দ্বিতীয় কোয়ালিফায়ারে রহমতগঞ্জকে হারিয়ে জায়গা করে নেয় শিরোপা লড়াইয়ে।

আবাহনীর কোচ মারুফুল হক মনে করছেন, ‘ফাইনাল বলে আমরা কোনো চাপ নিচ্ছি না। বসুন্ধরা ভালো দল, কিন্তু আমরা আত্মবিশ্বাসী। সর্বশেষ দুই দেখায় তাদের হারিয়েছি।

অন্যদিকে, কিংস কোচ তিতা জানেন, শিরোপা ধরে রাখার লড়াই সহজ হবে না। এবারের লিগে ধারাবাহিকতা নেই, দলে নেই সেই আগের ভারসাম্য। তবে ট্রফির ম্যাচে তারা নিজেদের সেরা খেলাটা খেলবে, এমনটাই আশাবাদ তাঁর।

২০১৮ সালে পেশাদার ফুটবলে অভিষেকের বছরই আবাহনীর মুখোমুখি হয়ে ফেডারেশন কাপের ফাইনালে খেলেছিল বসুন্ধরা কিংস। সেই ম্যাচে ফুটবলারদের মধ্যে মারামারিতে কলঙ্কিত হয়েছিল ফাইনাল। এরপর থেকেই আবাহনী-কিংস দ্বৈরথ জমে ওঠে ঘরোয়া ফুটবলে।

পরবর্তী তিন আসরের মধ্যে তিনবার ট্রফি জিতেছে কিংস। তবে ২০২১-২২ মৌসুমে মাঠ অনুপযোগী দাবি করে অংশ নেয়নি তারা, আর সে আসরে চ্যাম্পিয়ন হয় আবাহনী। পরের আসরে আবাহনীকে হারিয়ে শিরোপা জেতে মোহামেডান স্পোর্টিং ক্লাব।

গত মৌসুমে আবারও শিরোপা জিতে ঘরোয়া ট্রেবল নিশ্চিত করে বসুন্ধরা। এবার সেই সাফল্য ধরে রাখাই চ্যালেঞ্জ তিতার দলের।

ফুটবলপ্রেমীদের চোখ এখন ময়মনসিংহের দিকে। মাঠে নামছে দেশের দুই জায়ান্ট। একদিকে পুরোনো সোনালি দিনের প্রত্যাবর্তন চায় আবাহনী, অন্যদিকে নিজেদের আধিপত্য ধরে রাখতে চায় বসুন্ধরা কিংস। উত্তেজনা ছড়ানো এই ফাইনাল নতুন কোনো গল্প লিখে যায় কি না, সেটিই এখন দেখার বিষয়।

All Categories