কাউকে গ্রেফতার করলে ১২ ঘণ্টার মধ্যে জানাতে হবে পরিবারকে
গ্রেপ্তারের পর কোনো ব্যক্তিকে থানায় নেওয়ার সর্বোচ্চ ১২ ঘণ্টার মধ্যে তাঁর পরিবার, বন্ধু বা আইনজীবীকে জানানো বাধ্যতামূলক করার প্রস্তাব অনুমোদন করেছে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ।
আজ বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান আইন উপদেষ্টা আসিফ নজরুল। তিনি বলেন, এই সিদ্ধান্ত কার্যকর হলে কোনো অবস্থাতেই ১২ ঘণ্টার বেশি সময় নেওয়া যাবে না।
আইন উপদেষ্টা বলেন, ‘এখন থেকে যে পুলিশ সদস্য গ্রেপ্তার করতে যাবেন, তাঁর যথাযথ আইডেনটিটি থাকতে হবে। নেমপ্লেট থাকতে হবে, আইডি কার্ড সঙ্গে থাকতে হবে এবং চাওয়ামাত্রই এসব দেখাতে হবে।গ্রেপ্তার ব্যক্তি অসুস্থ বোধ করলে তার চিকিৎসা ব্যবস্থা করতে হবে।
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে ফৌজদারি কার্যবিধি (সংশোধন) প্রস্তাবটি অনুমোদন দেওয়া হয়।
এ সময় স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ও প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম স্থানীয় সরকার ও প্রশাসনসংক্রান্ত আরও কয়েকটি সিদ্ধান্তের কথা জানান।
আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, এই সংশোধনীর লক্ষ্য হলো গ্রেপ্তার হওয়া ব্যক্তি ও তাঁর পরিবারের মৌলিক অধিকার রক্ষা নিশ্চিত করা। এ বিষয়ে সংশ্লিষ্ট আইন প্রয়োগকারী সংস্থাকে সুস্পষ্ট নির্দেশনা দেওয়া হবে।