কারফিউয়ের মধ্যেও গোপালগঞ্জে চলেছে যানবাহন, খুলেছে দোকানপাট
গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশকে কেন্দ্র করে সংঘাত-সংঘর্ষ ও হতাহতের ঘটনায় বুধবার রাত থেকে কারফিউ জারি রয়েছে। তবে কারফিউয়ের মধ্যেও বৃহস্পতিবার (১৭ জুলাই) সকালে শহরের কিছু এলাকায় দেখা গেছে রিকশা-ভ্যানসহ হালকা যানবাহন চলাচল। খোলা রয়েছে অল্প কিছু দোকানপাটও।
সকালে শহরের বিভিন্ন সড়কে টহল দিতে দেখা গেছে পুলিশের গাড়ি। তবে রাস্তাঘাটে মানুষের চলাচল অনেক কম। শহরের পরিবেশ আপাতত শান্ত থাকলেও থমথমে অবস্থা বিরাজ করছে।
এদিকে প্রতিদিনের মতো আজও পরিচ্ছন্নতাকর্মীরা কাজে নেমেছেন। কিছু দিনমজুরকে কাজের সন্ধানে বের হতে দেখা গেছে।
বুধবার দুপুরে গোপালগঞ্জ শহরের লঞ্চঘাট এলাকায় এনসিপির সমাবেশকে কেন্দ্র করে সংঘর্ষে অন্তত চারজন নিহত হন। এরপরই জেলা প্রশাসনের পক্ষ থেকে শহরে ১৪৪ ধারা জারি করে কারফিউ কার্যকর করা হয়।
স্থানীয় প্রশাসনের একজন কর্মকর্তা জানিয়েছেন, পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সতর্কতায় রয়েছে।