কানাডা থেকে অর্থ সহায়তা ঘোষণা বাংলাদেশে
কানাডা বাংলাদেশের জন্য একটি বড় সুখবর নিয়ে এসেছে। দেশটি বাংলাদেশসহ বৃহত্তর ইন্দোপ্যাসিফিক অঞ্চলের জন্য ২৭২.১ মিলিয়ন ডলারের নতুন সহায়তা প্যাকেজ ঘোষণা করেছে। কানাডার আন্তর্জাতিক উন্নয়নমন্ত্রী আহমেদ হুসেন রোববার (০৯ মার্চ) এ ঘোষণা দেন।
গ্লোবাল নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। বিবৃতিতে আন্তর্জাতিক উন্নয়নমন্ত্রী বলেন কানাডা বাংলাদেশ এবং বৃহত্তর ইন্দোপ্যাসিফিক অঞ্চলের সঙ্গে দীর্ঘস্থায়ী বন্ধুত্ব আরও শক্তিশালী করছে। আমাদের সম্পর্কটি দীর্ঘকাল ধরে জনগণ থেকে জনগণ সম্পর্কের মাধ্যমে দৃঢ় হয়েছে। নারীর ক্ষমতায়ন স্বাস্থ্যসেবা এবং জলবায়ু পরিবর্তনের মোকাবিলায় সহায়তা প্রদান করে আমরা বৈশ্বিক সম্প্রদায়ের জন্য একটি উজ্জ্বল আগামী তৈরি করছি।
এই সহায়তা প্যাকেজটি বাংলাদেশ ও ইন্দো-প্যাসিফিক অঞ্চলের ১৪টি প্রকল্পে নতুন অর্থায়ন করবে যার মধ্যে রয়েছে লিঙ্গ সমতা নারী ও মেয়েদের যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকার অন্তর্ভুক্তিমূলক শিক্ষা, দক্ষতা প্রশিক্ষণ, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় স্থিতিস্থাপকতা গড়ে তোলা, নাগরিক অংশগ্রহণ বৃদ্ধি এবং দারিদ্র্য হ্রাস। বিশেষভাবে নার্সিং সেক্টরে নারীদের ক্ষমতায়ন নিয়ে একটি প্রকল্পের জন্য তিন বছরে ৬.৩ মিলিয়ন ডলার বরাদ্দ করা হয়েছে। এই প্রকল্পটি কানাডীয় প্রতিষ্ঠান কাওয়াটার ইন্টারন্যাশনালের মাধ্যমে বাস্তবায়িত হবে।
ভ্যাঙ্কুভারে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে আহমেদ হোসেন এবং ব্রিটিশ কলম্বিয়া লিবারেল সদস্য পার্ম বাইন্স আনুষ্ঠানিক ভাবে এই ঘোষণা করেন। অনুষ্ঠানটি বাংলাদেশের কমিউনিটির নেতাদের উপস্থিতিতে অনুষ্ঠিত হয় যেখানে লিবারেল সরকারের নতুন নির্বাচনী নেতা ঘোষণা করার কয়েক সপ্তাহ আগে এই ঘোষণা করা হয়।
কানাডার ফেডারেল সরকারের তথ্য অনুযায়ী বর্তমানে কানাডায় বাংলাদেশি বংশোদ্ভূত জনগণের সংখ্যা এক লাখ ছাড়িয়ে গেছে। এই সহায়তা প্যাকেজ বাংলাদেশি বংশোদ্ভূত কানাডিয়ানদের জন্যও একটি বড় সাফল্য হিসেবে বিবেচিত হচ্ছে।