কালও চলবে ‘কমপ্লিট শাটডাউন’ ও ‘মার্চ টু এনবিআর’

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সংস্কার দাবিতে চলমান ‘কমপ্লিট শাটডাউন’ ও ‘মার্চ টু এনবিআর’ কর্মসূচি আগামীকাল রবিবারও (২৯ জুন) চলবে। আজ শনিবার (২৮ জুন) দুপুরে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের পক্ষ থেকে এই ঘোষণা দেওয়া হয়।

এর আগে সকালে পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর আগারগাঁওয়ে এনবিআরের প্রধান কার্যালয়ের সামনে জড়ো হন আন্দোলনরত কর্মকর্তা-কর্মচারীরা। ট্যাক্স, কাস্টমস ও ভ্যাট বিভাগের কেন্দ্র ও জেলা পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা বৃষ্টি উপেক্ষা করে শান্তিপূর্ণভাবে অবস্থান নেন মূল ফটকের সামনে।

আন্দোলনকারীদের দাবি, অর্থ উপদেষ্টার কার্যালয় থেকে কর্মসূচি প্রত্যাহারের কথা বলা হলেও এনবিআর সংস্কার ঐক্য পরিষদকে আলোচনার টেবিলে ডাকেনি সরকার। এ নিয়ে ক্ষোভ জানিয়ে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে সংগঠনটি।

গতকাল (২৭ জুন) অর্থ উপদেষ্টার দপ্তর থেকে এক বিবৃতিতে বলা হয়, এনবিআরকে দুটি সংস্থায় ভাগ করার বিষয়ে আলোচনার ভিত্তিতে অগ্রসর হওয়া হবে। তবে এতে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের কোনো প্রতিনিধি উপস্থিত ছিলেন না বলেও জানানো হয়।

এর আগেও গত ২৬ জুন আন্দোলনরত কর্মকর্তারা গেট বন্ধ অবস্থায় এনবিআর কার্যালয়ে প্রবেশ করতে পারেননি। আজও একই চিত্র দেখা গেছে। পরিস্থিতির কোনো উন্নতি না হওয়ায় আন্দোলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় এনবিআর সংস্কার ঐক্য পরিষদ।

এনবিআর সংস্কার ঐক্য পরিষদের পক্ষ থেকে জানানো হয়, ঢাকার পাশাপাশি দেশের বিভিন্ন জেলা ও বিভাগীয় শহরের এনবিআর দপ্তরেও লাগাতার ‘শাটডাউন’ ও ‘মার্চ টু এনবিআর’ কর্মসূচি চলবে। তবে আন্তর্জাতিক যাত্রীসেবা এই কর্মসূচির আওতামুক্ত থাকবে।

All Categories