কাকে ভোট দেবেন, এখনও অনিশ্চিত ৪৮ শতাংশের বেশি ভোটার: জরিপ

আগামী জাতীয় সংসদ নির্বাচনে কাকে ভোট দেবেন এ বিষয়ে এখনো সিদ্ধান্ত নেননি ৪৮ শতাংশেরও বেশি ভোটার। আর ১৪ দশমিক ৪ শতাংশ ভোটার জানিয়েছেন, তাঁরা কাকে ভোট দেবেন, সে তথ্য প্রকাশ করতে চান না।

ব্র্যাক ইনস্টিটিউট অব গভর্ন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্ট (বিআইজিডি)–এর সাম্প্রতিক এক জরিপে এমন তথ্য উঠে এসেছে। সোমবার ঢাকায় ‘অন্তর্বর্তী সরকারের কাজের মূল্যায়ন, সংস্কার, নির্বাচন এবং রাজনৈতিক দলগুলোর জনপ্রিয়তা’ শীর্ষক এই জরিপের ফল প্রকাশ করা হয়।

জরিপে দেখা যায়, যাঁরা ভোটের বিষয়ে সিদ্ধান্ত নিয়েছেন, তাঁদের মধ্যে ১২ শতাংশ বিএনপি, ১০ দশমিক ৪ শতাংশ জামায়াতে ইসলামী, ৭ দশমিক ৩ শতাংশ আওয়ামী লীগ এবং ২ দশমিক ৮ শতাংশ এনসিপিকে ভোট দিতে চান।

গত বছরের অক্টোবর মাসে একই প্রশ্নের উত্তরে ১৬ দশমিক ৩ শতাংশ বিএনপি, ১১ দশমিক ৩ শতাংশ জামায়াত এবং ২ শতাংশ এনসিপিকে ভোট দেওয়ার কথা জানিয়েছিলেন। তুলনায় বিএনপি ও জামায়াতের সমর্থন কিছুটা কমলেও এনসিপির সমর্থন সামান্য বেড়েছে।

বয়সভিত্তিক ফলাফলে দেখা যায়, ২৭ বছরের নিচে ৯ শতাংশ বিএনপি, ১২ শতাংশ জামায়াত, ৭ শতাংশ আওয়ামী লীগ এবং ৪ শতাংশ এনসিপিকে ভোট দিতে চান। অর্থাৎ তরুণ ভোটারদের মধ্যে বিএনপির চেয়ে জামায়াতের সমর্থন বেশি।

২৮ থেকে ৩৫ বছর বয়সীদের মধ্যে বিএনপি ও জামায়াতের জনপ্রিয়তা সমান প্রতিটি দলের জন্য ১১ শতাংশ করে। তবে ৫০ বছরের বেশি বয়সী ভোটারদের মধ্যে বিএনপির সমর্থন তুলনামূলক বেশি; এই বয়সের ১৬ শতাংশ বিএনপি, ৯ শতাংশ জামায়াত, ৭ শতাংশ আওয়ামী লীগ এবং ৪ শতাংশ এনসিপিকে সমর্থন করেন।

গ্রাজুয়েট ভোটারদের মধ্যে বিএনপি ও জামায়াতের সমর্থন সমান ১০ শতাংশ করে। আওয়ামী লীগের সমর্থন ৫ শতাংশ এবং এনসিপির ৪ শতাংশ।

আনুষ্ঠানিক শিক্ষা নেই এমন ভোটারদের মধ্যে বিএনপির সমর্থন বেশি ১৪ শতাংশ। এই শ্রেণির ৯ শতাংশ জামায়াত, ৭ শতাংশ আওয়ামী লীগ এবং ২ শতাংশ এনসিপিকে ভোট দিতে চান।

জরিপে অংশ নেওয়া ৭০ শতাংশ ভোটার মনে করেন, আসন্ন নির্বাচন সুষ্ঠু হবে। ১৫ শতাংশের মতে, সুষ্ঠু হবে না নির্বাচন।

সূত্র : বিবিসি

All Categories