Apr 19, 2025
কাজাখ শিবিরে বাংলাদেশের বিজয় উল্লাস

কাজাখ শিবিরে বাংলাদেশের বিজয় উল্লাস

ইন্দোনেশিয়ার জাকার্তায় অনুষ্ঠিত এএইচএফ কাপ হকিতে শুভ সূচনা করেছে বাংলাদেশ জাতীয় হকি দল। টুর্নামেন্টের 'বি' গ্রুপের প্রথম ম্যাচে কাজাকিস্তানকে ৫-১ গোলের বড় ব্যবধানে পরাজিত করে জয় ছিনিয়ে নিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।

শুক্রবার (১৮ এপ্রিল) সন্ধ্যায় অনুষ্ঠিত ম্যাচের শুরুটা কিছুটা ধীর গতির ছিল বাংলাদেশের জন্য। প্রথম দুই কোয়ার্টারে প্রতিপক্ষের রক্ষণভাগ ভাঙতে হিমশিম খেতে হলেও, শেষ দুই কোয়ার্টারে দারুণভাবে ঘুরে দাঁড়ায় দলটি। আগ্রাসী ও টেকনিক্যাল খেলার মাধ্যমে একের পর এক গোল করে জয় নিশ্চিত করে নেয় বাংলাদেশ।

এ ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সের জন্য ‘ম্যান অব দ্য ম্যাচ’ নির্বাচিত হন সোহানুর রহমান সবুজ। তাঁর নৈপুণ্যে ম্যাচে দারুণ ছন্দ পায় বাংলাদেশ।

উল্লেখ্য, বাংলাদেশ এএইচএফ কাপ হকির সর্বশেষ চার আসরের চ্যাম্পিয়ন। এ বছরের আসরেও শিরোপা ধরে রাখার লক্ষ্যেই খেলছে দলটি।

‘বি’ গ্রুপে বাংলাদেশের পরবর্তী ম্যাচ আগামীকাল অনুষ্ঠিত হবে স্বাগতিক ইন্দোনেশিয়ার বিপক্ষে। গুরুত্বপূর্ণ এই ম্যাচ জয়ের মাধ্যমেই গ্রুপপর্বে আধিপত্য বজায় রাখতে চায় লাল-সবুজের প্রতিনিধিরা।

All Categories