জুলাই সনদের খসড়া সোমবারের মধ্যে দলগুলোর কাছে পাঠানো হবে: আলী রীয়াজ
জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি ড. আলী রীয়াজ জানিয়েছেন, ‘জুলাই সনদ’-এর খসড়া আগামীকাল সোমবারের মধ্যে রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো হবে। আজ রবিবার সকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে কমিশনের আয়োজিত সংলাপে এ কথা বলেন তিনি।
আলী রীয়াজ জানান, সংলাপে আজ রাষ্ট্রপরিচালনার মূলনীতি, নাগরিকদের মৌলিক অধিকার সম্প্রসারণ প্রস্তাব ও পুলিশ কমিশন বিষয়ে আলোচনা হচ্ছে। এছাড়া বাকি অমীমাংসিত বিষয়গুলোও আলোচনায় আসবে বলে জানান তিনি।
তিনি বলেন, ২০টি বিষয়ের মধ্যে ইতিমধ্যে ১০টি বিষয়ে একমত হয়েছে দলগুলো, যদিও এর কিছুতে নোট অব ডিসেন্ট রয়েছে। সাতটি বিষয়ে এখনো মতৈক্য হয়নি। তিনটি বিষয়ে আজ প্রস্তাব দেওয়া হবে।” তিনি আরও জানান, আজকের সংলাপ রাত ১০টা পর্যন্ত চলবে।
নাগরিক অধিকার সম্প্রসারণে রাজনৈতিক দলগুলো একমত হয়েছে উল্লেখ করে আলী রীয়াজ বলেন, জাতীয় সনদের খসড়া কাল রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো হবে। এরপর সনদে স্বাক্ষর করতে দিনক্ষণ নির্ধারণ করা হবে।
তিনি বলেন, আমরা যেকোনো মূল্যে ৩১ জুলাইয়ের মধ্যে মৌলিক সংস্কারের বিষয়ে সংলাপ শেষ করতে চাই। এটি কমিশনের অন্যতম প্রধান লক্ষ্য।