জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া নির্বাচনে যাবে না এনসিপি: নাহিদ ইসলাম

জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া কোনো নির্বাচনে অংশ নেবে না জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এমন অবস্থান স্পষ্ট করেছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম।

আজ বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুরে নীলফামারীর সৈয়দপুর উপজেলার হাতিখানা কবরস্থানে ‘জুলাই শহীদ’ সাজ্জাদ হোসেনের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, ‘আমরা দেশ গড়ার প্রত্যয়ে “জুলাই পদযাত্রা” শুরু করেছি। উত্তরাঞ্চল থেকে শুরু হওয়া এই পদযাত্রায় মানুষের ব্যাপক সাড়া মিলছে। অচিরেই আমরা এটি সারাদেশে ছড়িয়ে দেব।’

তিনি আরও বলেন, ‘শুধু ঢাকা নয়, গোটা দেশ নিয়ে উন্নয়নের চিন্তা থাকতে হবে। ছাত্র–জনতার আন্দোলনে ফ্যাসিস্ট সরকারের পতন হলেও দেশে এখনো মাফিয়াতন্ত্র রয়ে গেছে। আমাদের লড়াই–সংগ্রামের ইতিহাস ধরে রাখতে হবে।’

নির্বাচন প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, ‘জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া আমরা কোনো নির্বাচনে যাব না। জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম থেকে সরে আসার প্রশ্নই ওঠে না।’

কবর জিয়ারতের সময় নাহিদ ইসলামের সঙ্গে উপস্থিত ছিলেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা এবং শহীদ সাজ্জাদ হোসেনের বাবা মো. আলমগীর।

All Categories