জুলাই ঘোষণাপত্র চূড়ান্ত, ৫ আগস্ট জাতির সামনে উপস্থাপন: প্রেস সচিব

‘জুলাই গণ-অভ্যুত্থানের’ বর্ষপূর্তির প্রাক্কালে চূড়ান্ত করা হলো আলোচিত ‘জুলাই ঘোষণাপত্র’। আগামী ৫ আগস্ট, মঙ্গলবার বিকেল ৫টায় জাতির সামনে আনুষ্ঠানিকভাবে এই ঘোষণাপত্র উপস্থাপন করবে অন্তর্বর্তীকালীন সরকার।

আজ শনিবার (২ আগস্ট) দুপুর ১২টার পর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে এ

 তথ্য জানান।

শফিকুল আলম লিখেছেন, অন্তর্বর্তী সরকার জুলাই ঘোষণাপত্রের খসড়া চূড়ান্ত করেছে। আগামী মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫ বিকেল ৫টায় গণঅভ্যুত্থানের সকল পক্ষের উপস্থিতিতে জুলাই ঘোষণাপত্র জাতির সামনে উপস্থাপন করা হবে। এ বিষয়ে বিস্তারিত অবিলম্বে ঘোষণা করা হবে।

২০২৪ সালের জুলাই মাসে সংঘটিত গণ-অভ্যুত্থানের পর রাজনৈতিক অঙ্গনে বহুল আলোচিত বিষয় হয়ে ওঠে ‘জুলাই ঘোষণাপত্র’। অভ্যুত্থানের এক বছর পূর্তির প্রাক্কালে এই ঘোষণাপত্রকে ঘিরে নানা রাজনৈতিক দল ও জোটের মধ্যে দফায় দফায় আলোচনা চলছিল।

সাম্প্রতিক সময়ে অন্তর্বর্তী সরকার ঘোষণাপত্রের খসড়া বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)সহ বিভিন্ন দল ও জোটকে পাঠিয়েছে।

ঘোষণাপত্রের খসড়ায় মোট ২৬টি দফা রয়েছে। এর প্রথম ২১ দফায় মহান মুক্তিযুদ্ধ, দেশের বিভিন্ন গণতান্ত্রিক ও ঐতিহাসিক আন্দোলনের ধারাবাহিকতা, এবং জুলাই অভ্যুত্থানের পটভূমি তুলে ধরা হয়েছে।

অন্যদিকে, শেষ পাঁচটি দফায় উঠে এসেছে রাষ্ট্রের কাঙ্ক্ষিত গণতান্ত্রিক সংস্কার-রূপরেখা। সেখানে আওয়ামী লীগ শাসনামলের গুম-খুন, মানবাধিকার লঙ্ঘন, রাষ্ট্রীয় সম্পদ লুণ্ঠনসহ মানবতাবিরোধী অপরাধের বিচার নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করা হয়েছে। পাশাপাশি দুর্নীতি, বৈষম্য, শোষণ ও দমনমূলক রাজনীতির অবসান ঘটিয়ে আইনের শাসন, মানবাধিকার এবং গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

All Categories