জাতিসংঘের সম্মেলন রোহিঙ্গা সমস্যার সমাধানের বড় সুযোগ: নিরাপত্তা উপদেষ্টা
জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান বলেছেন, আসন্ন জাতিসংঘ আয়োজিত আন্তর্জাতিক সম্মেলন রোহিঙ্গাদের জন্য এবং বিশ্ব সম্প্রদায়ের জন্য সমস্যাটির একটি স্থায়ী ও প্রকৃত সমাধান খুঁজে বের করার বড় সুযোগ তৈরি করবে।
রোববার সকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ঢাকায় অবস্থানরত কূটনীতিকদের ব্রিফিংকালে তিনি এ কথা জানান। ব্রিফিংয়ে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, চীন, ইউরোপীয় ইউনিয়নসহ প্রায় ৫০টি মিশনের প্রতিনিধি উপস্থিত ছিলেন।
খলিলুর রহমান জানান, আগামী ৩০ সেপ্টেম্বর জাতিসংঘের উদ্যোগে এই আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হবে। এর আগে ২৫ আগস্ট কক্সবাজারে একটি উচ্চপর্যায়ের বৈঠক আয়োজন করা হচ্ছে, যা মূল সম্মেলনের প্রস্তুতির অংশ।
তিনি বলেন, একসময় রোহিঙ্গা ইস্যু আন্তর্জাতিক এজেন্ডা থেকে প্রায় বাদ পড়তে বসেছিল। কিন্তু প্রধান উপদেষ্টা জাতিসংঘের সাধারণ পরিষদে গিয়ে একটি আন্তর্জাতিক সম্মেলনের প্রস্তাব দেওয়ার পর ১০৬টি দেশ সমর্থন জানিয়েছে। ফলে এখন যথেষ্ট আন্তর্জাতিক সমর্থন পাওয়া যাচ্ছে।
খলিলুর রহমান আরও বলেন, রোহিঙ্গারা জাতিসংঘের সদস্য নয়, তাই সরাসরি সম্মেলনে অংশ নিতে পারবে না। তবে তাদের কণ্ঠস্বর, আশা–আকাঙ্ক্ষা ও স্বপ্ন যেন বিশ্ব সম্প্রদায়ের কাছে পৌঁছায় সে ব্যবস্থা করা হচ্ছে।