জাতীয় শহীদ সেনা দিবসে শহীদদের প্রতি প্রধান উপদেষ্টার শ্রদ্ধা

দ্য প্রেস ডেস্ক:

২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি পিলখানায় ঘটে যাওয়া নির্মম হত্যাকাণ্ডে শহীদ সেনা কর্মকর্তাদের স্মৃতিকে চিরকাল স্মরণীয় করে রাখতে প্রথমবারের মতো পালিত হচ্ছে জাতীয় শহীদ সেনা দিবস। দিনটি উপলক্ষে, প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস শহীদ সেনাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন।

মঙ্গলবার এক বাণীতে প্রধান উপদেষ্টা বলেন, ‘‘আজকের এই দিনটি আমাদের জাতির ইতিহাসের এক বেদনাদায়ক কিন্তু গুরুত্বপূর্ণ অধ্যায়। ২০০৯ সালের পিলখানা হত্যাকাণ্ডে যে সকল সাহসী সেনা কর্মকর্তা জীবন দিয়েছেন, তাদের আত্মত্যাগ কখনোই ভোলা যাবে না। তাঁদের স্মৃতির প্রতি আমাদের শ্রদ্ধা চিরকাল অটুট থাকবে।’

তিনি বলেন, ‘‘জাতীয় শহীদ সেনা দিবসের মাধ্যমে আজ থেকে প্রতি বছর আমরা তাঁদের কৃতিত্ব ও আত্মত্যাগ স্মরণ করবো, যাঁদের জীবন দেশের নিরাপত্তা ও সমৃদ্ধির জন্য উৎসর্গিত হয়েছে। আজকের এই দিনটি আমাদের চেতনা ও নৈতিকতার এক শক্তিশালী উদাহরণ হয়ে থাকবে, যা ভবিষ্যতে আমাদের দেশপ্রেম এবং সৎ পথচলায় প্রেরণা যোগাবে।’’

শহীদদের পরিবারের প্রতি গভীর সহমর্মিতা জানিয়ে, অধ্যাপক ইউনূস বলেন, ‘‘শহীদদের পরিবার আজও সেই দুঃখ-দুর্দশা নিয়ে বেঁচে আছেন, যাঁরা তাঁদের প্রিয়জনকে হারিয়েছেন। বিচারের জন্য দীর্ঘ সময় ধরে অপেক্ষা করছে শহীদ পরিবারের সদস্যরা। জাতি হিসেবে আমরা তাদের পাশে আছি এবং তাদের শোককে গভীরভাবে অনুভব করি। পিলখানার হত্যাকাণ্ডের পর বহু বছর নানা বিভ্রান্তির মধ্যে ছিলো জাতি, তবে বাংলাদেশ সরকার শহীদদের সুবিচার নিশ্চিত করার জন্য দৃঢ় প্রতিজ্ঞ।’’

তিনি আরও  করেন, ‘‘আমরা প্রত্যাশা করি, শহীদদের আত্মত্যাগের স্মরণে, এই দিনটি আমাদের উদ্দেশ্য ও লক্ষ্য পুনর্নির্ধারণের শক্তি হিসেবে কাজ করবে। দুঃশাসন, ষড়যন্ত্র এবং আত্মঅহংকার থেকে মুক্ত হয়ে, আমাদের সমাজ যেন একেকটি মূল্যবোধের প্রতীক হয়ে উঠতে পারে। সেই সাথে, মানুষ যেন তার প্রাপ্য সম্মান ও অধিকার লাভ করতে পারে, এবং আত্মসম্মান বজায় রেখে নিজের যোগ্যতায় সফলতা অর্জন করতে পারে।’’

প্রধান উপদেষ্টা বলেন, ‘‘আমরা বিশ্বাস করি, একটি দারিদ্র্যমুক্ত, ক্ষুধামুক্ত এবং বেকারত্বমুক্ত পৃথিবী গড়ার লক্ষ্যে বাংলাদেশ যেন বিশ্বের কাছে এক আদর্শ দেশ হিসেবে পরিচিত হয়। আজকের এই দিনে, শহীদ সেনাদের স্মরণে আমরা প্রত্যেকে অঙ্গীকারবদ্ধ হই, একটি স্বনির্ভর এবং সুসভ্য বাংলাদেশ গড়ার জন্য নিজেদের সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবো।’’


প্রধান উপদেষ্টা শহীদদের আত্মত্যাগকে চিরকাল স্মরণ করে দেশের কল্যাণে কাজ করার প্রতি সকল নাগরিকের দায়িত্বের কথা পুনরায় স্মরণ করিয়ে দেন।

উল্লেখ্য, ১৬ বছর আগে ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় নৃশংস হত্যাকাণ্ডে নিহত হন ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৪ জন। আজ ২৫ ফেব্রুয়ারি ‘জাতীয় শহীদ সেনা দিবস’। প্রতিবছর দিনটি ‘জাতীয় শহীদ সেনা দিবস’ হিসেবে ঘোষণা করেছে সরকার।

All Categories