জাতীয় নির্বাচনে অংশ নেবেন খালেদা জিয়া: আবদুল আউয়াল মিন্টু
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অংশ নেবেন বলে জানিয়েছেন দলটির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু।
বুধবার (৩০ জুলাই) দুপুরে ফেনীর গ্র্যান্ড সুলতান কনভেনশন হলে একটি অনুষ্ঠানে অংশ নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
আবদুল আউয়াল মিন্টু বলেন, নির্বাচনে ফেনীর অতীত ইতিহাস সবাই জানে। যদি সুষ্ঠু নির্বাচন হয়, ইনশাআল্লাহ বিএনপি এখানে জয়লাভ করবে। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াও নির্বাচনে অংশ নেবেন। তিনি এখন সুস্থ আছেন। ফেনীর নির্বাচনী পরিস্থিতি নিয়ে আমাদের কোনো উদ্বেগ নেই।
তিনি আরও বলেন, লন্ডনে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে কথা বলে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের বিষয়ে যৌথ বিবৃতি দিয়েছিলাম। আমরা সেটির ওপর আস্থা রাখতে চাই। আমাদের ধারণা, ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন হবে। তবে দেশের বর্তমান প্রেক্ষাপট বিবেচনায় তার আগেও হতে পারে—হয়তো জানুয়ারিতেই। কারণ সুপ্রিম কোর্টে কেয়ারটেকার সরকার সংক্রান্ত একটি মামলা চলমান আছে। যদি কেয়ারটেকার সরকার পুনর্বহাল হয়, তাহলে অন্তর্বর্তীকালীন সরকারটিই কেয়ারটেকার রূপ পাবে। কেয়ারটেকার সরকারের অধীনে ৯০ দিনের মধ্যে নির্বাচন দেওয়ার কথা বলা আছে।
সরকারের জবাবদিহিতা প্রসঙ্গে মিন্টু বলেন, যদি কোনো সরকার জনগণের কাছে দায়বদ্ধ না থাকে, তারা কখনোই ভালো কাজ করতে পারে না। আমরা ১৯ বছর ধরে আন্দোলন-সংগ্রাম ও দমন-পীড়ন সহ্য করে এসেছি। কেউ যদি বলে, হঠাৎ করে আমরা নির্বাচন চাইছি, সেটা সঠিক নয়। আমরা ২০০৬ সাল থেকেই একটি সুষ্ঠু নির্বাচনের দাবি জানিয়ে আসছি।
২০০৮ সালের নির্বাচন প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, ‘২০০৮ সালের নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়নি। ২০০৬ সালের পর থেকে দেশে কোনো নির্বাচনকালীন সরকার নেই। দুই দশকের বেশি সময় ধরে যদি নির্বাচিত সরকার না থাকে, তাহলে মানুষের জীবনমান উন্নয়নও হবে না। নির্বাচনের সঙ্গে সরাসরি জড়িত একটি সরকার থাকতে হয়, যারা জনগণের কাছে জবাবদিহি করবে।