জাতীয় দলে ফেরার ইচ্ছা প্রকাশ করেছেন জাহানারা
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর আগে বাংলাদেশের জার্সিতে আবারও মাঠে নামতে চান সাবেক অধিনায়ক জাহানারা আলম। ৩৩ বছর বয়সী এই পেসার বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)কে জানিয়েছেন, তিনি দীর্ঘ বিরতির পর জাতীয় দল ও ঘরোয়া ক্রিকেটে ফেরার আগ্রহ প্রকাশ করেছেন। বিসিবি তার ফেরার বিষয়ে আলোচনা করে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার পরিকল্পনা করছে।
ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজের প্রতিবেদন অনুযায়ী, জাহানারা নিজের ক্রিকেটে ফেরার ইচ্ছা প্রকাশ করেছেন। বিসিবির নারী বিভাগের প্রধান রফিকুল ইসলাম বাবুও বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, জাহানারা আবার খেলতে চান এবং মাঠ থেকেই পেশাদার ক্রিকেটকে বিদায় জানাতে আগ্রহী।
জাহানারা সর্বশেষ ২০২৪ সালের ডিসেম্বরে আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন। এরপর ২০২৫ সালের শুরুতে মানসিকভাবে প্রস্তুত না থাকার কারণে ক্রিকেট থেকে অনির্দিষ্টকালের বিরতি নেন এবং অস্ট্রেলিয়ায় চলে যান। এরপর থেকে তিনি জাতীয় দল, ঘরোয়া ক্রিকেট কিংবা নারী ক্রিকেটের অন্য কোনো কার্যক্রমে দেখা যাননি।
রফিকুল ইসলাম বাবু জাহানারার সঙ্গে আলোচনা করার কথা জানিয়ে বলেন, ‘হ্যাঁ, সে আমাদের সঙ্গে যোগাযোগ করেছিল এবং জোর দিয়ে বলেছিল যে সে ফিরে আসতে চায় ও খেলতে চায়।’
বাবুর মতে, দেশের স্বার্থে ব্যক্তিগত বিরোধ বা দলীয় কোন্দলকে গুরুত্ব দেওয়া উচিত নয়। জাহানারা তাকে জানিয়েছেন, জাতীয় দলে খেলে অবসর নেওয়াই তার লক্ষ্য। তিনি নিজেকে ফিট রেখেছেন এই পেসার।
২০২৫ সালের নভেম্বরে বাংলাদেশের নারী ক্রিকেটে আলোচনার কেন্দ্রবিন্দুতে আসেন জাহানারা। তখন সাবেক নির্বাচক মঞ্জুরুল ইসলামের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তোলেন তিনি। পরে স্বাধীন তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে মঞ্জুরুলকে স্থায়ীভাবে নিষিদ্ধ করে বিসিবি।