জাবিতে জুলাই হামলায় জড়িত ৬৪ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, সনদ বাতিল ৭৩ জনের
গত বছরের গণ-অভ্যুত্থানের সময় আন্দোলনকারীদের ওপর হামলায় জড়িত থাকার দায়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ৬৪ জন শিক্ষার্থীকে আজীবন বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, বহিষ্কৃতরা সবাই নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন।
সোমবার গভীর রাতে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী পর্ষদ সিন্ডিকেটের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে উপাচার্য অধ্যাপক কামরুল আহসান সাংবাদিকদের বলেন, তথ্যানুসন্ধান কমিটির প্রতিবেদনে দেখা গেছে, হামলাকারীদের মধ্যে ১৩০ জন বর্তমান এবং ৯৯ জন সাবেক শিক্ষার্থী। সবার বিরুদ্ধেই পর্যাপ্ত সাক্ষ্যপ্রমাণ রয়েছে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, অপরাধের মাত্রা অনুযায়ী আরও ৪৬ জন শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করা হয়েছে। এর মধ্যে ৩৭ জনকে দুই বছরের, ৮ জনকে এক বছরের ও একজনকে ছয় মাসের জন্য বহিষ্কার করা হয়।
এ ছাড়া সাবেক শিক্ষার্থীদের মধ্যে ৭৩ জনের শিক্ষাসনদ স্থায়ীভাবে বাতিল এবং ৬ জনের সনদ দুই বছরের জন্য স্থগিত করা হয়েছে।
উপাচার্য জানান, হামলায় বহিরাগত সন্ত্রাসী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সংশ্লিষ্টতার তথ্যও উঠে এসেছে। তবে বিশ্ববিদ্যালয়ের আইনচৌকাঠের বাইরে হওয়ায় এ বিষয়ে প্রতিবেদন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে (আইসিটি) পাঠানো হবে।
তদন্তে অভিযুক্তদের মধ্যে ৪০ জন শিক্ষার্থীকে অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে—এদের মধ্যে ২০ জন বর্তমান ও ২০ জন সাবেক শিক্ষার্থী। এ বিষয়ে বিস্তারিত জানতে চাইলে উপাচার্য বলেন, তদন্ত কমিটি যে রিপোর্ট দিয়েছে, সেটিই আমাদের ভিত্তি। বিস্তারিত ব্যাখ্যার জন্য তাদেরই জিজ্ঞেস করা ভালো।
তদন্ত কমিটির আহ্বায়ক ও বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক আব্দুর রব বলেন, এদের বিরুদ্ধে কোনো প্রত্যক্ষ বা পরোক্ষ সাক্ষ্য মেলেনি। ভিডিও ফুটেজসহ অন্যান্য তথ্য বিশ্লেষণেও তাদের সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া যায়নি।