ইউকেএম থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি পেলেন ড. ইউনূস
সামাজিক ব্যবসায় অগ্রণী ভূমিকার স্বীকৃতিস্বরূপ বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করেছে মালয়েশিয়া ন্যাশনাল ইউনিভার্সিটি (ইউকেএম)।
বুধবার (১৩ আগস্ট) কুয়ালালামপুরে ইউকেএমের মিলনায়তনে এক আনন্দঘন অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের কাছ থেকে সম্মানসূচক ডিগ্রির সনদ গ্রহণ করেন অধ্যাপক ইউনূস। ডিগ্রি গ্রহণের পর তিনি বলেন, “এ এক বিশাল সম্মান এবং চমৎকার এক অনুষ্ঠান।”
তিনি আরও জানান, গণতন্ত্রকে শক্তিশালী করা এবং আরও বলিষ্ঠ ও স্থিতিশীল বাংলাদেশ গড়ে তুলতে তার সরকার প্রতিশ্রুতিবদ্ধ। একই সঙ্গে এমন একটি বিশ্বের স্বপ্নের কথা তুলে ধরেন, যেখানে মানুষ মর্যাদা ও স্বাধীনতার সঙ্গে বসবাস করবে এবং সবাই বৈষম্য ও ভয়ভীতি থেকে মুক্ত থাকবে।
ইউকেএমের সঙ্গে যুক্ত হতে পেরে গর্ব প্রকাশ করে অধ্যাপক ইউনূস বলেন, “এই ডিগ্রি আমি বাংলাদেশের জনগণের পক্ষ থেকে গ্রহণ করছি। এটি আমাকে দায়িত্বের কথা মনে করিয়ে দেয়।”
অনুষ্ঠান শেষে ইউকেএম ও ইউনূস সোশ্যাল বিজনেস সেন্টার নেটওয়ার্কের যৌথ আয়োজনে বিশ্ববিদ্যালয় নেটওয়ার্কের সদস্যদের সঙ্গে তার একটি সেশন অনুষ্ঠিত হয়। এদিন তিনি বিশ্ববিদ্যালয়ের অতিথি বইতে স্বাক্ষর করেন এবং নেগেরি সেমবিলানের রাজা ও ইউকেএমের চ্যান্সেলরের সঙ্গে অনানুষ্ঠানিক সাক্ষাতে মিলিত হন।
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে বর্তমানে দেশটিতে সফরে রয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
সোর্স: ইউএনবি