Mar 07, 2025
ইতিহাস কিন্তু ভিন্ন কথা বলে ফাইনালের রেকর্ড কিউইদের পক্ষে

ইতিহাস কিন্তু ভিন্ন কথা বলে ফাইনালের রেকর্ড কিউইদের পক্ষে

অস্ট্রেলিয়ার বিপক্ষে সেমিফাইনাল জয়ের পর অনেকেই রোহিত শর্মার হাতে চ্যাম্পিয়ন্স ট্রফি উঠবে বলে আশা করছেন। তবে ৯ মার্চ দুবাইয়ে কিউইদের বিপক্ষে ভারতের ফাইনাল নিয়ে কিছুটা অনিশ্চয়তা রয়েছে। কেউ কেউ বিশ্বাস করছেন,নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের জয় সহজ হবে না। ইতিহাস কিন্তু ভিন্ন কথা বলে। আইসিসি ইভেন্টের ফাইনালে এই দু’দল এখন পর্যন্ত দু’বার মুখোমুখি হয়েছে, এবং দু’বারই শিরোপা জিতেছে নিউজিল্যান্ড। এবার সেই ধারাটি বজায় থাকবে, নাকি দুবাইয়ে নতুন ইতিহাস গড়বে ভারত?

আইসিসির ইভেন্টে এই দুই দলের প্রথম মুখোমুখি হয়েছিল ২৫ বছর আগে, ২০০০ সালে, কেনিয়ার নাইরোবিতে। তখন চ্যাম্পিয়ন্স ট্রফির নাম ছিল আইসিসি নকআউট ট্রফি। ভারতকে ৪ উইকেটে হারিয়ে প্রথম আইসিসি শিরোপা জেতে নিউজিল্যান্ড। এরপর ২০২১ সালে সাউদাম্পটনে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে আবারও মুখোমুখি হয় দুই দল। বৃষ্টিবিঘ্নিত এই ফাইনালে নিউজিল্যান্ড ৮ উইকেটে জয়লাভ করে ভারতকে পরাজিত করে।

এরপর নিউজিল্যান্ড সীমিত ওভারের আরও দুটি বিশ্বকাপের ফাইনালে পৌঁছালেও শিরোপা ছোঁয়া হয়নি। ২০১৫ সালে ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে ৭ উইকেটে হারলেও, ২০১৯ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে লর্ডসের ফাইনালে নাটকীয়ভাবে তাদের জয় হাতছাড়া হয়। ওই ম্যাচে নিয়মিত ৫০ ওভার শেষে দু’দলের স্কোর ছিল সমান, এবং সুপার ওভারেও সমান রান তোলার পর, ইংল্যান্ডকে বাউন্ডারি মারার হিসেবে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়।

চলতি আসরের গ্রুপ পর্বে অবশ্য নিউজিল্যান্ড ভারতের কাছে ৪৪ রানে পরাজিত হয়েছিল। দুবাইয়ে অনুষ্ঠিত সেই ম্যাচে ভারত ২৪৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে কিউইদের ২০৫ রানে অলআউট করে দেয়। ফাইনালে এবারও এই দু’দল দুবাইয়ে মুখোমুখি হচ্ছে।

ফাইনালের আগে কিউই অধিনায়ক মিচেল স্যান্টনার জানিয়ে দিয়েছেন, তাদের লক্ষ্য ভারতকে চাপে ফেলা। দক্ষিণ আফ্রিকাকে সহজেই হারিয়ে ফাইনালে পৌঁছানো কিউইরা বলেছে, "ফাইনালে উঠে আমরা খুবই আনন্দিত। এবার ভারতকে চাপে ফেলার চেষ্টা করব। আশা করি, তাদেরও হারাতে পারব।" স্যান্টনার আরও বলেন, গ্রুপ ম্যাচে ভারতকে চাপের মধ্যে ফেলেছিলাম, বিশেষ করে তাদের টপ অর্ডারকে রান করতে দেয়নি। এবার ফাইনালে আরো একই রকম নৈপুণ্য দেখাতে চাই।

অন্যদিকে, দুর্দান্ত ফর্মে থাকা নিউজিল্যান্ডের ব্যাটসম্যান কেন উইলিয়ামসনও আত্মবিশ্বাসী। সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেঞ্চুরি করা উইলিয়ামসন ভারত সম্পর্কে বলেন, "ভারত দুর্দান্ত দল, এবং তারা অসাধারণ খেলছে। তাদের বিপক্ষে আগের ম্যাচ থেকে কিছু শিক্ষা নিতে হবে। তবে ফাইনালে কিছুই বলা যায় না। আশা করি, একটি চমৎকার ম্যাচ হবে।" তবে তিনি পাকিস্তানের তুলনায় দুবাইয়ের কন্ডিশন কিছুটা আলাদা বলেও উল্লেখ করেন।

এভাবে,দুবাইয়ে ৯ মার্চ ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে ফাইনাল ম্যাচটি অত্যন্ত প্রতিযোগিতামূলক হতে যাচ্ছে। নিউজিল্যান্ডের ইতিহাসের কাছে ভারত কিভাবে সফল হয়, সেটাই দেখার বিষয়।

All Categories