ইশরাকের শপথ দাবিতে নগর ভবনের সামনে টানা চতুর্থ দিনের বিক্ষোভ

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের শপথের দাবিতে টানা চতুর্থ দিনের মতো নগর ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন তাঁর সমর্থকেরা।

রোববার সকাল থেকে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ছোট ছোট মিছিল নিয়ে তাঁরা নগর ভবনের সামনে জড়ো হন। প্রধান ফটকের সামনে অবস্থান নেওয়ায় সেবা নিতে আসা লোকজন ভবনে প্রবেশ করতে পারছেন না।

সমর্থকেরা ‘শপথ শপথ চাই, ইশরাক ভাইয়ের শপথ চাই’, ‘অবিলম্বে শপথ দিতে হবে’, ‘জনতার মেয়র ইশরাক ভাই’সহ নানা স্লোগান দিতে দেখা যায়।

যাত্রাবাড়ী থেকে আসা বিক্ষোভকারী এমদাদুল হক প্রথম আলোকে বলেন, জনগণের ভোটে নির্বাচিত হয়েছেন ইঞ্জিনিয়ার ইশরাক। তাঁকে শপথ নিতে না দিলে এটাই তো ভোটের অবমূল্যায়ন। আমরা আর বসে থাকব না, প্রয়োজনে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।

পুরান ঢাকা থেকে আসা নাসরিন আক্তার বলেন, গেজেট প্রকাশের এত দিন পরও শপথ না হওয়া দুঃখজনক। তাঁকে দায়িত্ব বুঝিয়ে দিতে হবে।

শনিবার সন্ধ্যায় জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে ইশরাক হোসেন বলেন, নির্বাচনের ৩০ দিনের মধ্যে মামলা করা হয়েছিল। তাপস প্রভাব খাটিয়ে মামলা বন্ধের চেষ্টা করেন। তবে আদালত সবকিছু বিবেচনায় নিয়ে আমাদের পক্ষেই রায় দিয়েছেন। এখন আর বিলম্বের কোনো কারণ নেই।

ইশরাক দাবি করেন, আমরা শপথ গ্রহণের জন্য প্রস্তুত। বিলম্ব করিয়ে আদালতের আদেশকেই অমান্য করা হচ্ছে।

২০২০ সালের ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ডিএসসিসি নির্বাচনে আওয়ামী লীগের শেখ ফজলে নূর তাপস বিএনপির প্রার্থী ইশরাক হোসেনকে প্রায় পৌনে দুই লাখ ভোটে পরাজিত করে মেয়র নির্বাচিত হন। তবে গত ২৭ মার্চ নির্বাচন ট্রাইব্যুনাল ওই ফলাফল বাতিল করে ইশরাককে বিজয়ী ঘোষণা করে। পরে রায়ের কপি পেয়ে নির্বাচন কমিশন ২২ এপ্রিল গেজেট প্রকাশের বিষয়ে আইন মন্ত্রণালয়ের পরামর্শ চায়।

প্রকাশিত গেজেট অনুযায়ী এখনো শপথ গ্রহণ না করায় ক্ষোভ জানিয়ে আসছেন বিএনপির নেতাকর্মীরা।

All Categories