ইসলামী আন্দোলনের মহাসমাবেশে ১৬ দফা ঘোষণা

‘রাজনীতির সংস্কার ও রাষ্ট্র বিনির্মাণের প্রত্যয়ে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আজ শনিবার (২৮ জুন) মহাসমাবেশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। এতে দলের পক্ষ থেকে ১৬ দফা দাবি উত্থাপন করা হয়।

সমাবেশে ইসলামী আন্দোলনের মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান ‘মহাসমাবেশের ঘোষণাপত্র’ পাঠ করেন। এ সময় তিনি বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানের বর্ধিত অংশ হিসেবেই এই মহাসমাবেশ। আগামীর বাংলাদেশ বিনির্মাণে এটি একটি গৌরবময় মাইলফলক।এতে বলা হয়, সুশাসন প্রতিষ্ঠা, স্বৈরতন্ত্র রোধ ও একটি শোষণমুক্ত রাষ্ট্র গঠনে এই সংস্কার প্রস্তাবনাগুলোকে সক্রিয় বিবেচনায় নিতে হবে।

উত্থাপিত ১৬ দফা দাবির মধ্যে রয়েছে:

১. সংবিধানে ‘আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস’ রাষ্ট্র পরিচালনার মূল নীতি হিসেবে পুনঃস্থাপন

২. সংসদের উভয় কক্ষে সংখ্যানুপাতিক পিআর পদ্ধতিতে নির্বাচন

৩. জুলাই সনদের ঘোষণা ও শোষণমুক্ত রাষ্ট্র বিনির্মাণে জাতীয় ঐকমত্য গড়ে তোলা

৪. ভবিষ্যৎ স্বৈরাচার ও দলীয় কর্তৃত্ববাদ রোধে মৌলিক রাষ্ট্র সংস্কার

৫. সুষ্ঠু নির্বাচনের জন্য প্রশাসনে ফ্যাসিবাদী প্রভাবমুক্ত লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা

৬. পতিত ফ্যাসিবাদের বিচার ও পালাতক অপরাধীদের ফিরিয়ে আনতে কূটনৈতিক পদক্ষেপ গ্রহণ

৭. পাচারকৃত অর্থ উদ্ধারে দৃশ্যমান উদ্যোগ

৮. সন্ত্রাস, চাঁদাবাজি ও খুন-খারাবি রোধে প্রশাসনের সক্রিয় ভূমিকা

৯. ভারতের সঙ্গে সম্পাদিত সব চুক্তি প্রকাশ এবং দেশবিরোধী চুক্তি বাতিল

১০. জাতীয় নির্বাচনের আগে সব পর্যায়ে স্থানীয় নির্বাচন এবং তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের বিধান প্রণয়ন

১১. দুর্নীতিবাজ, ঋণখেলাপি ও সন্ত্রাসীদের নির্বাচনে অযোগ্য ঘোষণা

১২. নির্বাচনের তফসিল ঘোষণার আগে গ্রহণযোগ্য নির্বাচন পরিবেশ নিশ্চিত

১৩. ঘুষ-দুর্নীতি ও রাজনৈতিক হয়রানিমূলক মামলা বন্ধ এবং মিথ্যা মামলা প্রত্যাহার

১৪. ইসলাম ও দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ববিরোধী কর্মকাণ্ডে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণ

১৫. জাতীয় ঐক্য গড়ে তুলে দুর্নীতিবাজ ও চাঁদাবাজদের প্রতিহত করা

১৬. রাষ্ট্রের সর্বস্তরে ইসলামের আলোকিত আদর্শ বাস্তবায়নের আহ্বান

সমাবেশে ইসলামী আন্দোলনের নেতারা বলেন, “দেশ আজ গভীর সংকটে। স্বাধীনতা-সার্বভৌমত্ব হুমকির মুখে। জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠা করতে হলে রাষ্ট্রীয় সংস্কার প্রয়োজন। তারা আরও বলেন, “ঘোষিত ১৬ দফা এখন সময়ের দাবি। দেশের ইসলামপ্রিয় মানুষদের এক হয়ে দুর্নীতিবাজদের রুখে দাঁড়াতে হবে।

All Categories