ইরানে নতুন সামরিক গোয়েন্দাপ্রধান নিয়োগ
ইসরায়েলি হামলায় শীর্ষ সামরিক কর্মকর্তাদের নিহত হওয়ার পর ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর গোয়েন্দা বিভাগের নতুন প্রধান হিসেবে ব্রিগেডিয়ার জেনারেল মাজিদ খাদামিকে নিয়োগ দিয়েছে তেহরান। বৃহস্পতিবার এই নিয়োগ চূড়ান্ত করেন আইআরজিসির বর্তমান শীর্ষ কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ পাকপৌর। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ইরনা এ তথ্য নিশ্চিত করেছে।
এই নিয়োগের মধ্য দিয়ে ব্রিগেডিয়ার জেনারেল মাজিদ খাদামি নিহত ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ কাজেমির স্থলাভিষিক্ত হলেন। মোহাম্মদ কাজেমি গত ১৫ জুন ইসরায়েলি বিমান বাহিনীর (আইএএফ) পরিচালিত এক হামলায় নিহত হন। ওই হামলা শুরু হয়েছিল ১৩ জুন, যা ইরানের সামরিক নেতৃত্বের ওপর ভয়াবহ আঘাত হেনেছিল।
যে মেজর জেনারেল পাকপৌর এই নিয়োগ দিয়েছেন, তিনিও আইআরজিসির শীর্ষপদে বসেছেন মাত্র কয়েকদিন আগে। ১৩ জুন ইসরায়েলি হামলার দিনই নিহত হন আইআরজিসির সাবেক প্রধান মেজর জেনারেল হোসেইন সালামি। তার মৃত্যুর কয়েক ঘণ্টার মধ্যেই ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি মেজর জেনারেল পাকপৌরকে নতুন কমান্ডার হিসেবে নিযুক্ত করেন।
বিশ্লেষকরা বলছেন, ইসরায়েল শুরু থেকেই ইরানের সামরিক কমান্ড কাঠামোকে ভেঙে দিতে দেশের শীর্ষ সেনা কর্মকর্তাদের লক্ষ্যবস্তু করেছিল। কিন্তু ইরান অত্যন্ত দ্রুততার সঙ্গে তাদের সামরিক কাঠামোর শূন্যস্থান পূরণ করছে, যাতে শত্রুর উদ্দেশ্য ব্যর্থ হয়।
সাম্প্রতিক এই দ্রুত নিয়োগগুলো ইঙ্গিত দিচ্ছে যে, ইরান তার সামরিক শৃঙ্খলা বজায় রাখার পাশাপাশি শত্রুপক্ষকে শক্ত বার্তা দিতে চাইছে—বিদেশি আগ্রাসন দেশটির নেতৃত্বকে দুর্বল করতে পারবে না।