ইরানে ইসরায়েলি হামলার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ মিছিল
ইরানে ইসরায়েলের অব্যাহত হামলা ও গণহত্যার প্রতিবাদে রাজধানী ঢাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২০ জুন) পবিত্র জুমার নামাজ শেষে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে এই সমাবেশের আয়োজন করে খেলাফত মজলিস ঢাকা মহানগরী দক্ষিণ শাখা। বিক্ষোভ মিছিলে আরও কয়েকটি ইসলামপন্থী সংগঠন অংশ নেয়। এসময় ‘আমার ভাই মরল কেন, জাতিসংঘ জবাব চাই’, ‘দুনিয়ার মুসলিম, এক হও লড়াই করো’ ইত্যাদি স্লোগান ধ্বনিত হতে শোনা যায়।
সমাবেশে বক্তারা ইসরায়েলকে অবৈধ রাষ্ট্র আখ্যা দিয়ে অভিযোগ করেন, আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ইসরায়েল ইরানে হামলা চালাচ্ছে। তারা বলেন, এই হামলা শুধু ইরান নয়, পুরো বিশ্বের শান্তিকামী মানুষের জন্য হুমকি। সমাবেশ থেকে মুসলিমবিশ্বকে ঐক্যবদ্ধভাবে ইরানের পাশে দাঁড়ানোর আহ্বান জানানো হয়।
প্রধান অতিথির বক্তব্যে খেলাফত মজলিসের মহাসচিব আহমদ আবদুল কাদের বলেন, “যুগ যুগ ধরে ফিলিস্তিনে গণহত্যা চালিয়ে ইসরায়েল মানবতার সব সীমা অতিক্রম করেছে। এখন ইরানের অবকাঠামো ধ্বংস করে এবং শত শত মানুষ হত্যা করে সেই বর্বরতার পরিচয় দিচ্ছে। ওআইসিকে (ইসলামি সহযোগিতা সংস্থা) দ্রুত জরুরি বৈঠক ডেকে ইরানের পাশে দাঁড়াতে হবে। আরববিশ্বকেও ঐক্যবদ্ধ হতে হবে।”
তিনি আরও বলেন, “ইসরায়েলের আগ্রাসনের জবাব আরও কঠোর হতে হবে। এই অবৈধ রাষ্ট্র এবং এর মিত্রদের শান্তিকামী মানুষের শত্রু হিসেবে চিহ্নিত করতে হবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের অপরাধ পাশ কাটিয়ে বারবার ইরানকে হুমকি দিচ্ছেন। ইতিহাস সাক্ষী, শক্তির মদমত্ততায় যারা উন্মাদ হয়ে যায়, তাদের পতন অবশ্যম্ভাবী।”
সমাবেশে সভাপতিত্ব করেন খেলাফত মজলিস ঢাকা মহানগরী দক্ষিণের সভাপতি মাওলানা আজিজুল হক। বিশেষ অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় নায়েবে আমির মাওলানা আহমদ আলী কাসেমী, যুগ্ম মহাসচিব মোস্তাফিজুর রহমান ফয়সল, আবদুল জলিল এবং ঢাকা মহানগরী উত্তরের সভাপতি মাওলানা সাইফুদ্দিন আহমদ খন্দকার।