হত্যাচেষ্টা মামলায় জামিন বাতিল, চিত্রনায়িকা পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা হত্যাচেষ্টার মামলায় চিত্রনায়িকা পরীমনির জামিন বাতিল করে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। বুধবার (৪ নভেম্বর) ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহফুজুর রাহমান এ আদেশ দেন।
আদালত সংশ্লিষ্টরা জানান, দিনটি মামলার সাক্ষ্যগ্রহণের জন্য নির্ধারিত ছিল। শুনানিতে বাদীপক্ষ আসামিদের জামিন বাতিলের আবেদন জানায়। অন্যদিকে পরীমনির আইনজীবী সময় চেয়ে আবেদন করে জানান, অ্যালার্জিজনিত অসুস্থতার কারণে অভিনেত্রী আদালতে উপস্থিত হতে পারেননি। শুনানি শেষে বিচারক বাদীপক্ষের আবেদন মঞ্জুর করে জামিন বাতিল ও গ্রেপ্তারি পরোয়ানার আদেশ দেন।
এর আগে গত বছরের ২৬ জানুয়ারি এই মামলায় অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছিলেন আদালত। সেদিনও পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছিল। পরে তিনি আদালতে আত্মসমর্পণ করে জামিন নেন।
মামলাটির তদন্ত করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। ২০২৪ সালে সংস্থাটির ঢাকা জেলার পরিদর্শক মো. মনির হোসেন আদালতে দেওয়া প্রতিবেদনে পরীমনি ও তার কস্টিউম ডিজাইনার জুনায়েদ বোগদাদী জিমির বিরুদ্ধে মারধর ও ভয় দেখানোর অভিযোগের সত্যতা পাওয়ার কথা জানান। তবে মামলার আরেক আসামি ফাতেমা তুজ জান্নাত বনির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
আদালত ওই প্রতিবেদন গ্রহণ করে পরীমনি ও জিমিকে হাজির হতে সমন দেন। পরে ২০২৪ সালের ২৫ জুন তারা আদালতে হাজির হয়ে জামিন পেয়েছিলেন।