হত্যাচেষ্টা মামলায় জামিন পেলেন অভিনেত্রী নুসরাত ফারিয়া

রাজধানীর ভাটারা থানায় দায়ের করা এক হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার চিত্রনায়িকা নুসরাত ফারিয়াকে জামিন দিয়েছেন আদালত।

মঙ্গলবার (২১ মে) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমানের আদালত শুনানি শেষে এই আদেশ দেন।

আসামিপক্ষের আইনজীবী মোহাম্মদ ইফতেখার হোসেন বলেন, বিচারক আমাদের উপস্থাপিত তথ্য-উপাত্তে সন্তুষ্ট হয়ে নুসরাত ফারিয়ার জামিন মঞ্জুর করেছেন।

এর আগে, সোমবার (২০ মে) আদালত নুসরাত ফারিয়াকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন এবং তার জামিন শুনানির জন্য ২২ মে তারিখ নির্ধারণ করেন।

গত রোববার (১৯ মে) দুপুরে থাইল্যান্ডগামী একটি ফ্লাইটে ওঠার সময় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশন পুলিশ নুসরাত ফারিয়াকে আটক করে। পরে তাকে ভাটারা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। সেখান থেকে তাকে নিয়ে যাওয়া হয় ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) কার্যালয়ে, যেখানে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়।

২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনের সময় সংঘটিত একটি হত্যাচেষ্টার ঘটনায় ভাটারা থানায় দায়ের করা মামলায় নুসরাত ফারিয়াকে আসামি করা হয়। মামলার অভিযোগে বলা হয়, তিনি আন্দোলনের বিরোধিতা করেছেন এবং আওয়ামী লীগের অর্থের জোগানদাতাদের একজন হিসেবে ভূমিকা রেখেছেন।

ওই মামলায় আরও আসামি করা হয়েছে—চিত্রনায়িকা অপু বিশ্বাস, অভিনেত্রী আসনা হাবিব ভাবনা, অভিনেতা জায়েদ খানসহ ১৭ জন সাংস্কৃতিক অঙ্গনের তারকাকে।

All Categories