হঠাৎ মাঠেই অসুস্থ তামিম, হার্টে ধরা পড়েছে দুটি ব্লক
ঢাকার সাভারে বিকেএসপির মাঠে শাইনপুকুরের বিপক্ষে ম্যাচ চলাকালে হার্ট অ্যাটাক করেছেন জাতীয় দলের ক্রিকেটার তামিম ইকবাল। ম্যাচ শুরুর আগে টস করে অধিনায়ক হিসেবে মাঠে নামলেও, হঠাৎ করে তামিম বুকে ব্যথা অনুভব করেন। এর পর তাকে বিকেএসপিতে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
বিসিবির মেডিকেল বিভাগের পক্ষ থেকে জানানো হয়, তামিমকে দ্রুত সাভারের ফজিলাতুন্নেছা হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রথমে তাকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে নেওয়ার পরিকল্পনা থাকলেও, তার শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় সাভারেই চিকিৎসা দেওয়া হয়। বর্তমানে তিনি হাসপাতালে কার্ডিয়াক বিভাগে চিকিৎসাধীন।
মোহামেডান দলের কর্মকর্তা তরিকুল ইসলাম টিটু জানান, তামিমের স্ত্রী আয়েশা সিদ্দিকা, বড় ভাই নাফীস ইকবালসহ পরিবারের সদস্যরা হাসপাতালে পৌঁছেছেন। হাসপাতাল পৌঁছানোর পর তামিমের এনজিওগ্রাম করা হয়, এবং হার্টে ব্লক পাওয়া যায়। তবে তার অবস্থার কিছুটা উন্নতি হয়েছে।
তামিমের অসুস্থতার কারণে বিসিবির বোর্ডসভা স্থগিত করা হয়েছে, যা দুপুর ১২টায় শুরু হওয়ার কথা ছিল। বিসিবির পরিচালক ও কর্মকর্তারা বর্তমানে তামিমকে দেখতে হাসপাতালে উপস্থিত হয়েছেন।