হরমুজ প্রণালিতে বাংলাদেশি পতাকাবাহী জাহাজের নিরাপদ পারাপারে আগাম সমন্বয়ে সহযোগিতার আশ্বাস ইরানের

হরমুজ প্রণালি দিয়ে যাতায়াতকারী বাংলাদেশের পতাকাবাহী বাণিজ্যিক জাহাজগুলো যাতে নিরাপদে পার হতে পারে, সে জন্য আগাম সমন্বয়ের ভিত্তিতে সহযোগিতা দেওয়ার আশ্বাস দিয়েছে ইরান। ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জালিল রাহিমি এ কথা জানিয়েছেন।

বুধবার (৪ নভেম্বর) রাজধানীতে ইরান দূতাবাসে আয়োজিত সংবাদ সম্মেলনে রাষ্ট্রদূত বলেন, হরমুজ প্রণালিতে সাম্প্রতিক হামলাগুলোর সঙ্গে তেহরানের কোনো সংশ্লিষ্টতা নেই। কোনো দেশের জ্বালানি পরিবহনের নিরাপত্তার দায়িত্ব সরাসরি ইরান নিতে পারে না। তবে বন্ধুত্বের নিদর্শন হিসেবে আগে থেকে জানিয়ে সমন্বয় করা হলে বাংলাদেশি জাহাজের নিরাপদ পারাপারে সব ধরনের সহায়তা দেওয়া হবে।

বাংলাদেশের মানুষকে মুসলিম ভাই-বোন হিসেবে উল্লেখ করে বিভিন্ন আন্তর্জাতিক ইস্যুতে সমর্থনের জন্য কৃতজ্ঞতা জানান জালিল রাহিমি। তার দাবি, লোহিত সাগর ও হরমুজ প্রণালিকে ঘিরে উত্তেজনার ফলে যে অর্থনৈতিক চাপ ও পণ্যের দাম বেড়েছে, তার দায় যুক্তরাষ্ট্রের।

ইরান প্রশ্নে বাংলাদেশ সরকারের অবস্থানকে নানা সীমাবদ্ধতার মধ্যেও যৌক্তিক বলে মন্তব্য করেন রাষ্ট্রদূত। তিনি বলেন, এ বিষয়ে বাংলাদেশের সাধারণ মানুষের মনোভাবকেও তেহরান ইতিবাচকভাবে দেখছে।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সমঝোতার সম্ভাবনা নিয়ে প্রশ্নের জবাবে রাষ্ট্রদূত বলেন, তাদের সঙ্গে সমঝোতা মানে আত্মসমর্পণ, যা ইরান কখনো মেনে নেবে না। ইরান নিজে থেকে যুদ্ধ চায় না, তবে হামলা হলে পূর্ণ শক্তিতে জবাব দেওয়ার প্রস্তুতি রয়েছে। আত্মরক্ষার জন্য নতুন ড্রোনও তৈরি করা হয়েছে বলে জানান তিনি।

মধ্যপ্রাচ্যের আরব দেশগুলোর সঙ্গে ইরানের কোনো বিরোধ নেই বলেও দাবি করেন জালিল রাহিমি। তিনি বলেন, ওই দেশগুলোতে থাকা মার্কিন ঘাঁটি থেকে ইরানে হামলা না হলে তেহরান তাদের ওপর আক্রমণ চালাবে না। মক্কা ও মদিনাকে ইরানের ‘রেড লাইন’ উল্লেখ করে পশ্চিমা হস্তক্ষেপ ছাড়া আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করতে একটি ‘মক্কা চুক্তি’র প্রস্তাবও দেন তিনি।

রাষ্ট্রদূত আরও বলেন, যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দল পিছিয়ে পড়লেও ইরান নিয়ে ওয়াশিংটনের নীতিতে কোনো পরিবর্তন আসবে বলে তিনি মনে করেন না।

All Categories